ডিএইচএলের প্যাকেট থেকে দেড় কেজি সোনা উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএলের প্যাকেট থেকে এক কেজি ৩৫০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিমানবন্দরের কার্গো গুদামের ভেতর থেকে এসব সোনা আটক করা হয়। শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আটক সোনার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, ইলেকট্রনিকপণ্য, ডিভিডি প্লেয়ার ও মোবাইল চার্জারের ভেতর সোনার ১২টি বার ও ২৭টি চেইন লুকানো ছিল। ওই কর্মকর্তা জানান, প্যাকেটটি সিঙ্গাপুর থেকে বাবু নামের একজন পাঠিয়েছেন। প্যাকেটে প্রাপক হিসেবে বায়তুল মোকাররম নিউ সুপার মার্কেটের নিউ খান ইলেকট্রনিকসের নাম উল্লেখ ছিল। প্যাকেটটি গতকাল ঢাকায় পৌঁছায়। গতকাল দুপুরে স্ক্যান করার সময় ধরা পড়ে প্যাকেটের ভেতর সোনা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য প্রথমে কারওয়ান বাজারে ডিএইচএলের কার্যালয়ে যোগাযোগ করা হয়। এখান থেকে গুলশানে ডিএইচএলের প্রধান কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা কিরণময় বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তবে তাঁকে ফোন করে পাওয়া যায়নি।