ডিএনএ আইনের চূড়ান্ত খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন মন্ত্রিসভার প্রথম বৈঠক গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে ডি-অক্সি-রাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) আইনের চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয়েছে।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কোনো উপদেষ্টা উপস্থিত ছিলেন না। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের সব সদস্যকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব জানান। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ডিএনএ আইনের চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয়েছে। তবে আপাতত নির্বাচনের আগে আর সংসদ বসার সম্ভাবনা না থাকায় আইনটি পাসের জন্য নির্বাচনের পর নতুন সংসদে তুলতে হবে।
এ বৈঠককে সর্বদলীয় সরকারের বৈঠক বলা হচ্ছে কি না—এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন, যেহেতু সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেহেতু এটাকে সর্বদলীয় সরকার বলা যায়।’
আগে জানানো হয়েছিল, এই মন্ত্রিসভা নীতিনির্ধারণী বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, শুধু রুটিন কাজ করবে। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের আচরণবিধিতে যা আছে, তা-ই হবে।’ সংবিধানে তো সর্বদলীয় বা অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই—এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সংবিধানে সবকিছু থাকে না, শুধু বেসিকটা থাকে।’
ধর্ষণ, হত্যা ও অপরাধীদের শনাক্ত করতে এবং বিদেশে যাওয়ার সময় ভাই-বোনের সম্পর্ক নির্ণয় করতে চাইলে ডিএনএ টেস্টের প্রয়োজন হয়।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি পরীক্ষাগার থাকলেও এ বিষয়ে কোনো আইন ছিল না। কীভাবে ডিএনএ পরীক্ষা করা হবে, এ পরীক্ষার ডেটাবেইজ কীভাবে সংরক্ষণ করা হবে, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার গুণগত মান নিয়ন্ত্রণ, ল্যাবরেটরির মান, প্রশাসনিক ব্যবস্থা—সব বিষয় একটি কাঠামোয় আনতে এ আইন করা হচ্ছে। আইনটি পাস হলে কোনো ব্যক্তি বা সংস্থা সরকারের অনুমোদন ছাড়া ডিএনএ পরীক্ষা বা সংরক্ষণ করতে পারবে না।
এ আইন ভাঙলে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এর মধ্যে অনুমোদন ছাড়া ডিএনএ প্রোফাইলিং করলে দুই থেকে পাঁচ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনুমোদন ছাড়া ডিএনএর তথ্য প্রকাশ করলে তিন বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ডিএনএ নমুনা ধ্বংস, দূষিত বা নষ্ট করলে তিন থেকে সাত বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
এ আইনের আওতায় একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি করা হবে এবং পর্যায়ক্রমে সবার ডিএনএ নমুনা ও তথ্য এই তথ্যভান্ডারে রাখা হবে। অনুমতি ছাড়া এই তথ্যভান্ডারে প্রবেশ করলে দুই বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
সচিব জানান, এ আইনের আওতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হবে। অধিদপ্তরের আওতায় বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি হবে, যাতে সদস্য হিসেবে অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন। অধিদপ্তর না হওয়া পর্যন্ত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সেল গঠন করে কার্যক্রম চালানো হবে।
রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজেও ডিএনএ ল্যাবরেটরি রয়েছে, যেখানে ডিএনএ স্ক্রিনিং করা যায়। এসব ল্যাবরেটরির কার্যক্রমও ডিএনএ আইনের আওতায় আসবে।