সাংবাদিক দম্পতি সাগর-রুনির ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) পরীক্ষা এ দেশেই করা সম্ভব ছিল বলে দাবি করেছে সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি (এনএফডিপিএল) কর্তৃপক্ষ। তাদের দাবি, ল্যাবটিতে এই পরীক্ষা করা হলে ব্যয় ও সময় কম লাগত। তবে এ ব্যাপারে র্যাব তাদের সঙ্গে যোগাযোগ করেনি।গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন ভবনে ল্যাবটির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে কর্তৃপক্ষ। মূল বক্তব্য পড়েন ল্যাবের প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফ আখতারুজ্জামান।মূল বক্তব্যে বলা হয়, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের আলামত দেশের বাইরে পাঠানোকে কেন্দ্র করে এ ল্যাব সম্পর্কে যে ধরনের নেতিবাচক বক্তব্য দেওয়া হয়েছে, তা এ ল্যাবের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। আখতারুজ্জামান বলেন, সাগর-রুনির ডিএনএ পরীক্ষা এই ল্যাবেই করা সম্ভব ছিল। কারিগরি মান, যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের বিবেচনায় এ ল্যাব আন্তর্জাতিক মানের। যেকোনো ধরনের আলামত থেকেই এ ল্যাবে ডিএনএ পরীক্ষা করা যায়।আখতারুজ্জামান বলেন, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৮৩২টি মামলার বিপরীতে ছয় হাজার ৪৮১টি নমুনার ডিএনএ পরীক্ষা এ ল্যাবে সম্পন্ন হয়েছে। পিলখানায় সাবেক বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যদের লাশ শনাক্তকরণ, পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমানের কথিত সাত সন্তানের পারস্পরিক সম্পর্ক নির্ণয়‘সহ বেশ কয়েকটি ঘটনায় এ ল্যাবের ভূমিকা প্রশংসিত হয়েছে। তা ছাড়া পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়সহ বিভিন্ন বিষয় ছাড়াও এই ল্যাব যেকোনো অপরাধ তদন্তের সহায়তায় প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষা করতে সক্ষম।বিভ্রান্তির বিষয়ে জানতে চাইলে আখতারুজ্জামান বলেন, গত ২৮ আগস্ট একটি দৈনিকে সাগর-রুনির ডিএনএ পরীক্ষা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, র্যাব বলেছে, সাগর-রুনির যে ধরনের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, তা এ ল্যাবে সম্ভব নয়। আখতারুজ্জামান বলেন, এ ধরনের বক্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে।এক প্রশ্নের জবাবে আখতারুজ্জামান বলেন, র্যাব এ ব্যাপারে তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। বিভিন্ন উদাহরণ টেনে তিনি দাবি করেন, যদিও র্যাব ল্যাবটি সম্পর্কে অবহিত।সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক আবুল হোসেন ও ল্যাবটির অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আবুল হোসেন বলেন, একটি নমুনার ডিএনএ করতে পাঁচ হাজার টাকা খরচ হয়। দেশের বাইরে করা হলে তাতে ১০ গুণ খরচ হয়। সময়ও লাগে বেশি।জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, ‘বাংলাদেশের ডিএনএ পরীক্ষা প্রতিবেদন ও যুক্তরাষ্ট্রের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের গুণগত মান এক নয়। র্যাব এই মামলায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে চায়। এ বিষয়ে হাইকোর্টের সুনির্দিষ্ট আদেশও রয়েছে। এখন এটা নিয়ে কেউ বিতর্কের চেষ্টা করলে তা তদন্তে বাধার সৃষ্টি করতে পারে। এটা অনাকাঙ্ক্ষিত।’