ডিএনএ পরীক্ষাগার তৈরির ২৫ কোটি টাকা ফেরত যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (ডিবি) বিভাগের ডিএনএ পরীক্ষাগার তৈরির বিদেশি অনুদানের ২৫ কোটি টাকা অবশেষে ফেরত যাচ্ছে। পরীক্ষাগারের জায়গা নিয়ে সরকারি সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতায় এ অর্থ ফেরত যাচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশও এ ক্ষেত্রে কাজ করেনি। জাপান সরকারের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা জাইকা ডিএনএ পরীক্ষাগার তৈরির অর্থ দিতে সম্মত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. নজরুল ইসলাম বলেন, সঠিক রোগ নির্ণয় করার জন্য ডিএনএ পরীক্ষার দরকার হয়। এ ছাড়া অপরাধী শনাক্ত করার কাজেও ডিএনএ পরীক্ষা বিশেষ সহায়তা করে। তিনি বলেন, দুইজন মানুষের ডিএনএ কখনো এক রকম হয় না। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাইকা অর্থ দিতে রাজি হওয়ার পরিপ্রেক্ষিতে গত বছরের ৪ মে পুলিশ সদর দপ্তর জমি বরাদ্দের ব্যবস্থা করে দিতে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেয়। পুলিশ সদর দপ্তর ৩৬ মিন্টো রোডে ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার প্রস্তাব করেছিল। গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের কার্যালয় এখানে অবস্থিত। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, জায়গাটি গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অনুকূলে কখনো বরাদ্দ দেওয়া হয়নি, তাই সেখানে ল্যাব প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। পূর্ত মন্ত্রণালয় আরও জানায়, ১৯৭৬ সালে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু নথিপত্রে দেখা যায়, ১৯৭৪ সাল থেকে এখানে ডিবির কার্যক্রম চলছে। পানি উন্নয়ন বোর্ডের নামে বরাদ্দ দেওয়া হয়েছে এমন কোনো দালিলিক প্রমাণপত্রও পূর্ত মন্ত্রণালয় বা পানি উন্নয়ন বোর্ডের দপ্তরে পাওয়া যায়নি। এভাবে প্রায় এক বছর সময় ক্ষেপণ করেছে পূর্ত মন্ত্রণালয়। যদিও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আগের পূর্তসচিবকে বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত বছরের ফেব্রুয়ারি মাসে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে মুখ্যসচিব আবদুল করিমকে ডিএনএ পরীক্ষার স্থান নিয়ে জটিলতা নিরসনের নির্দেশ দেন বলে জানা যায়। এর ধারাবাহিকতায় মার্চে পুলিশ লাইনে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০০৯-এ ২৭তম বিসিএস সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, গোয়েন্দা অপরাধ তথ্য বিভাগের ক্যাম্পাসে ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার কাজ চলছে। কিন্তু প্রধানমন্ত্রী তখনো জানতেন না, তাঁর নির্দেশেও কাজ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শওকত হোসেন গত রোববার প্রথম আলোকে বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত দিতে হবে। তবে বিকল্প ব্যবস্থা না করে গোয়েন্দা অপরাধ ও তথ্য বিভাগ স্থানান্তর করা হবে না বলে তিনি জানান। তিনি বলেন, গত বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের সভায় পুলিশকে জায়গার জন্য বিকল্প প্রস্তাব দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তা দেয়নি। অপরদিকে পুলিশ বলছে, সাধারণের চলাচল যেখানে কম থাকে, সে রকম সংরক্ষিত জায়গায়ই এ ধরনের পরীক্ষাগার প্রতিষ্ঠার উপযুক্ত স্থান বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। দাতা সংস্থাও এই জায়গাটিকে উপযুক্ত বলে চিহ্নিত করেছে। তাদের মতে, পূর্ত মন্ত্রণালয়ের কারণে আধুনিক পরীক্ষাগার প্রতিষ্ঠার সম্ভাবনা হাতছাড়া হতে বসেছে। জানতে চাইলে মহাপুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে জানান, বাংলাদেশে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা আছে। পুলিশের নিজস্ব পরীক্ষাগার থাকলে বেওয়ারিশ লাশ শনাক্ত করা বা অপরাধী চিহ্নিত করার মতো কঠিন কাজগুলো কম সময়ে করা সম্ভব হবে। প্রসঙ্গত, ২০০৯-২০১০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ডিএনএ পরীক্ষাগার প্রতিষ্ঠার জন্য ২৫ কোটি টাকার বরাদ্দ ছিল। এখন অর্থবছরের শেষে তা ফেরত দিতে হবে।