ডিএনএ পরীক্ষায় ১৫৭ ব্যক্তির পরিচয় শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএনএ পরীক্ষায় রানা প্লাজা ধসে মৃত ১৫৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির পক্ষ থেকে ডিএনএ পরীক্ষার ফলাফল শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়। ঢাকা মেডিকেল সূত্র এটা নিশ্চিত করেছে।

ডিএনএ ল্যাবরেটরি সূত্র জানায়, রানা প্লাজা ধসের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩২২ ব্যক্তির দাঁত ও হাড়ের নমুনা সরকারের পক্ষ থেকে এই ল্যাবরেটরিতে দেওয়া হয়। আর মৃত ব্যক্তিদের আত্মীয় দাবি করে ৫৪০টি পরিবারের ৫৪৮ জন রক্তের নমুনা জমা দিয়ে যান। মৃত ব্যক্তি ও আত্মীয়দের ডিএনএ বিশ্লেষণের ফলাফল মিলিয়ে ১৫৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পরিচয় নিশ্চিত হওয়া ১৫৭ জনের আত্মীয়রা মৃত ব্যক্তিদের কবর এখন চিহ্নিত করতে পারবেন। দুর্ঘটনার পর রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁদের কবর দেওয়া হয়েছিল। প্রতিটি কবরের মাথার দিকে কাঠি গাড়া। প্রতিটি কবরের জন্য পৃথক ডিএনএ নম্বর। এসব অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে কবর দেওয়ার আগে দাঁত বা হাড়ের নমুনা সংগ্রহ করা হয়েছিল ডিএনএ বিশ্লেষণের জন্য। সংগৃহীত প্রতিটি নমুনার পৃথক নম্বর আছে, সেই নম্বরের সঙ্গে কবরে রাখা শনাক্তকরণ নম্বরের মিল আছে।

মা, বাবা, ছেলা, মেয়ে বা নিকটাত্মীয় দাবি করা ব্যক্তিদের ডিএনএ পরীক্ষা করেছে এই ল্যাবরেটরি।

ল্যাবরেটরির কর্মকর্তারা বলছেন, ডিএনএ বিশ্লেষণে বিশেষ সফটওয়্যার দিয়ে সহযোগিতা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এ বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল এক হাজার ১৩৪। তাঁরা প্রায় সবাই ছিলেন পোশাকশ্রমিক। তাঁদের মধ্যে ৩২২ জনের পরিচয় শনাক্ত হয়নি। তাঁদের জুরাইন কবরস্থানে কবর দেওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ল্যাবরেটরির একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, ১৬৫ জনের পরিচয় শনাক্ত হয়নি। সম্ভবত তাঁদের পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার বিষয়ে কোনো তথ্য পাননি।