ডিএনএ পরীক্ষার আবেদন নিখোঁজদের পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার মেশিন অপারেটর আজিম উদ্দিনকে (৩৬) খুঁজে ফিরছেন তাঁর স্ত্রী পারভীন আক্তার। কিন্তু গতকাল বুধবার ১২তম দিনেও স্বামীর খোঁজ পাননি তিনি। তাই গতকাল তিনি মর্গে থাকা অশনাক্ত লাশের ডিএনএ পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) আবেদন করেছেন। যদি সেখানে সন্ধান পাওয়া যায়।
অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই কারখানার আজিম উদ্দিনসহ ১১ জন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে আজিম উদ্দিনসহ নিখোঁজ নয়জনের পরিবার গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা ছয়টি অজ্ঞাত লাশের ডিএনএ পরীক্ষার জন্য সিআইডিতে আবেদন করেছে।
১০ সেপ্টেম্বর টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে এ পর্যন্ত ৩৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলছে।
আজিম উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পর থেকে তিনি স্বামীকে খুঁজে ফিরছেন। গত ১২ দিন হন্যে হয়ে খুঁজেও পাননি। তিনি বলেন, মাগুরার সদর উপজেলার ছনপুর গ্রামে আজিমের বাড়ি। হাসপাতালের মর্গে অজ্ঞাতপরিচয় কয়েকটি লাশ রয়েছে। তাই এখন ডিএনএ পরীক্ষার জন্য আবেদন জানাতে সিআইডি কার্যালয়ে গিয়েছিলেন তিনি।
আরেক অপারেটর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উপুলকি গ্রামের জহিরুল ইসলামও (৩৭) নিখোঁজ। তাঁর ভগ্নিপতি আলাউদ্দিন মিয়া বলেন, সম্ভাব্য অনেক জায়গায় জহিরুলকে খোঁজাখুঁজি করা হয়েছে। কোথাও তাঁর হদিস পাওয়া যায়নি। উদ্ধার করা লাশগুলোর এমন অবস্থা হয়েছে যে শনাক্ত করা কঠিন। তাই ডিএনএ পরীক্ষাই ভরসা।
নিখোঁজ মুরাদের বাবা তাহের আলী বলেন, ‘ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। ছেলের কোনো খোঁজ নাই। উদ্ধারকৃত লাশগুলোও চেনার উপায় নাই। অন্তত ছেলের লাশ পাওয়ার জন্য এখন ডিএনএ পরীক্ষা করাতে ঢাকায় সিআইডি কার্যালয়ে আবেদন করেছি।’
টঙ্গী থানার এসআই সুমন ভক্ত বলেন, সিআইডির কাছে আবেদনের বিষয়টি তিনি অবগত আছেন। শিগগির যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হবে।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্র বলেছে, ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা ছয়টি লাশের মধ্যে চারটি একেবারে পুড়ে গেছে। দেখে শনাক্ত করার কোনো উপায় নেই।
গাজীপুরের নির্বাহী হাকিম মাধবী লতা বলেন, তাঁরা উদ্ধারকাজের শেষ দিন পর্যন্ত ঘটনাস্থলের নিয়ন্ত্রণকক্ষে অবস্থান করবেন।
টাম্পাকোর মালিককে দুবার জরিমানা করেছিল তিতাস গ্যাস কৃর্তপক্ষ: কারখানায় মিটার জালিয়াতিসহ অনুমোদনহীন এবং অতিরিক্ত সক্ষমতার বয়লার ব্যবহারের কারণে টাম্পাকোর মালিককে দুবার জরিমানা করেছিল তিতাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব বলেন, মিটার জালিয়াতিসহ অনুমোদনহীন বয়লার ব্যবহারের কারণে ২০০৫ সালের ২০ ডিসেম্বর টাম্পাকো কারখানায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এ অভিযোগে কারখানার মালিক মকবুল হোসেনকে ৭ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরপর ২০০৭ সালের ২২ আগস্ট তিতাস গ্যাসের বিশেষ দল আবার ওই কারখানা পরিদর্শন করে। তখন অনুমোদনের অতিরিক্ত ক্ষমতাসম্পন্ন বয়লার ব্যবহারের কারণে ৫ লাখ ৯৭ হাজার ৩৯০ টাকা জরিমানা করা হয়।
তিতাসের এসব অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে কারখানার মালিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
১০ সেপ্টেম্বর ওই কারখানায় দুর্ঘটনার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটির আহ্বায়ক প্রকৌশলী রানা আকবর হায়দারী বলেন, ইতিমধ্যে অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলা বাকি রয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় এখনো ভেতরে প্রয়োজনীয় স্থানে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
টাম্পাকোর মালিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন: টাম্পাকো কারখানার মালিককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার এবং হতাহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে গতকাল গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন।
সকালে জাতীয় শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখা ও বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সদস্যরা জেলা শহরের রাজবাড়ি সড়কে মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসক এস এম আলমের কাছে স্মারকলিপি দেন।
এ সময় শ্রমিকনেতারা বলেন, মালিকদের গাফিলতি ও অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা আর যাতে না ঘটে, সেই ব্যবস্থা নিতে হবে।