ডিএনএ পরীক্ষার জন্য নেপালে গেল চিকিৎসক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য চিকিৎসকদের আট সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার নেপালে গেল। বেলা ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা নেপালের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে তাঁদের পৌঁছানোর কথা।

ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক লুৎফুর কাদেরের নেতৃত্বে এই দলে তিনজন বার্ন ও প্লাস্টিক সার্জন, দুজন অর্থোপেডিক সার্জন, দুজন জরুরি বিভাগের চিকিৎসক ও একজন ফরেনসিক বিশেষজ্ঞ আছেন।

নিহত ব্যক্তিদের ডিএনএর নমুনা সংগ্রহ করতে কত দিন লাগতে পারে জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গতকাল বুধবার বিকেলে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘এটা নির্ভর করবে সেখানকার পরিস্থিতির ওপর। আমরা যত দূর জেনেছি, নিহত ব্যক্তিদের বেশির ভাগের শরীরের বড় অংশ আগুনে পুড়ে গেছে। তাই এদের পরিচয় নিশ্চিত করা দুরূহ হয়ে পড়েছে। ফলে নিহত বাংলাদেশিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বাড়তি সময় লাগতে পারে।’

ফাইল ছবি।
ফাইল ছবি।

এদিকে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের দুর্ঘটনায় সাধারণত ১০ শতাংশ ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন হয়। অন্যদের ক্ষেত্রে দাঁত বা হাড়ের অতীত ইতিহাস, কোনো ধরনের অলংকার বা ধাতব বস্তু বা অন্য কোনো ধরনের শনাক্তকরণ চিহ্ন দেখে শনাক্ত করা হয়। আমি কয়েকটি মৃতদেহ দেখেছি, যা দেখে মনে হয়েছে, খালি চোখে তাদের শনাক্ত করা অত্যন্ত কঠিন।’