ডিএনএ পরীক্ষায় নারায়ণগঞ্জে আগুনে পোড়া ৪৫ জনের পরিচয় শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু হয়। তিনজন বাদে বাকিদের লাশ এতটাই পুড়ে যায় যে সেগুলো দেখে চেনা বা শনাক্ত করার উপায় ছিল না
ফাইল ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুনে পোড়া ৪৯ লাশের মধ্যে ৪৫ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিআইডির মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সিআইডির ফরেনসিক শাখা ডিএনএ পরীক্ষার মাধ্যমে অঙ্গার হওয়া লাশগুলোর পরিচয় শনাক্ত করেছে। এখন লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিআইডি জানায়, আগুনে পোড়া ৪৯টি লাশের পরিচয় শনাক্ত করতে ৬৬ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। ডিএনএ পরীক্ষার ফলাফলে বেশির ভাগ লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে।

গত ৮ জুলাই রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু হয়। নিহত তিন ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ায় তখনই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বাকি লাশগুলো আগুনে এতটাই পুড়ে যায় যে দেখে চেনা বা শনাক্ত করার উপায় ছিল না। পরিচয় শনাক্ত না হওয়া লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়।

হাসেম ফুডসের কারখানায় আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গত ১০ জুলাই আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে হাসেম ও তাঁর চার ছেলে জামিনে মুক্তি পান। হাসেম ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ, সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন বর্তমানে কারাগারে আছেন।