চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীর জন্মদাতা কন্যাশিশুর বাবার পরিচয় মিলেছে। ডিএনএ পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, ধর্ষক মাদ্রাসাশিক্ষক আ. জলিলই ওই শিশুর বাবা। আদালত-সংশ্লিষ্ট সূত্র গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি হাবিবুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, আগামীকাল (আজ) বুধবার ওই প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। মামলা থেকে জানা গেছে, ২০১০ সালের ৩ আগস্ট উপজেলার পূর্ব কাপাইকাপ গ্রামের কাপাইকাপ সিনিয়র মাদ্রাসার শিক্ষক জলিল ওই মাদ্রাসার এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সে ২০১১ সালের ১৯ এপ্রিল কন্যাশিশুর জন্ম দেয়। কিন্তু জলিল শিশুটির পিতৃত্বের দাবি নাকচ করেন। পরে তাঁকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা হয়। নারী ও শিশু নিযার্তন ট্রাইব্যুনাল বিশেষ আদালত ১-এর বিচারক মো. শফিকুল করিম গত ২৩ মে ওই শিশুকন্যার পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। শিক্ষক জলিল বর্তমানে কারাগারে।