ডিএনএ পরীক্ষায় মিলল আরও ৪৩ জনের পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে নয় মাস ধরে প্রতীক্ষা করছিলেন, কেউ একজন ফোন করে জানাবেন যে বোন শামীমা আক্তার বেঁচে আছেন। গতকাল রোববার এই প্রতিবেদক ফোন করলে কান্নায় ভেঙে পড়েন রানা প্লাজায় নিহত শামীমা আক্তারের ভাই শিবলি মোহাম্মদ ও তাঁর পরিবার। কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, এবার বোনের কবরটার খোঁজ অন্তত পাওয়া যাবে।
একইভাবে নিহত রিয়াজুল ইসলাম ও আঁখি আক্তারের পরিবারের সদস্যরা কেঁদেছেন। এত দিন পর প্রিয়জনের কবরটা কখন দেখতে পারবেন, সে প্রশ্নই ছিল সবার। হতভাগ্যরা এত দিন স্বজনের লাশ খুঁজেছেন সাভারের হাসপাতালগুলোতে, ঢাকা মেডিকেলের মর্গে বা মিটফোর্ডে। কিন্তু সন্ধান মেলেনি। অবশেষে পেলেন সেই সংবাদ।
রানা প্লাজা ধসের পর দ্বিতীয় দফায় আরও ৪৩টি লাশের পরিচয় মিলেছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। গতকাল ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির পক্ষ থেকে ডিএনএ পরীক্ষার ফলাফল শ্রম মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। এর আগে ১৫৭ জনের পরিচয় পাওয়া গিয়েছিল। এ নিয়ে মোট ২০০ জনের পরিচয় মিলল। দ্বিতীয় দফায় পরিচয় নিশ্চিত হওয়াদের মধ্যে ৩৬ জন নারী ও সাতজন পুরুষ শ্রমিক।
ডিএনএ ল্যাবরেটরি সূত্রে জানা গেছে, ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার জন্য মৃতদেহ বা দেহাবশেষ থেকে ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়। এরপর তা ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবে পাঠানো হয়েছিল।
গত ৩০ এপ্রিল থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৪০টি পরিবারের ৫৪৮ জন সদস্য তাঁদের রক্তের নমুনা দিয়েছেন। তখন ডিএনএ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে প্রাথমিক পর্যায়ে মোট ১৫৭টি মৃতদেহ শনাক্ত করা হয়েছিল। গত ৩ নভেম্বর ওই প্রতিবেদন শ্রম মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।
গত ২৪ নভেম্বর আরেক স্বজনের দেওয়া নমুনা এবং অশনাক্ত বাকি ১৬৫টি নমুনার পরীক্ষা শেষে আরেকটি প্রতিবেদন জমা দেওয়া হয়। এ পর্যায়ে তারা মোট ৪৩টি মৃতদেহ শনাক্ত করতে পেরেছে। এর মধ্যে ১০টি নমুনার বিপরীতে একাধিক ব্যক্তির ডিএনএ মিল পাওয়া গেছে। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে তাঁদের নিকট আত্মীয়দের ডিএনএ অধিকতর পরীক্ষা করা হতে পারে।
জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার গতকাল প্রথম আলোকে জানান, ডিএনএ পরীক্ষার এই ফলাফল শ্রম মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। সেখান থেকে যোগাযোগ করা হবে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত ডিএনএ পরীক্ষা চলবে।
প্রতিবেদন অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়া শ্রমিকদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের সাথি আক্তার, ঝিনাইদহের শামীমা আক্তার, রাজবাড়ীর রিয়াজুল ইসলাম, রেশমা বেগম ও সীমা খাতুন, সাভারের আঁখি আক্তার, রাজশাহীর মনিকা ও মারথা শিখা হাদসা, হবিগঞ্জের বেনু রানী দাস, সুনামগঞ্জের শম্পাতি রানী দাস, চাঁদপুরের টিটু, ঢাকার জোছনা বেগম, পুষ্পা রানী, কাঞ্চনমালা, রাশেদা বেগম ও নূরজাহান বেগম, গাইবান্ধার জসিমউদ্দিন, পটুয়াখালীর রাবেয়া আক্তার, দিনাজপুরের রাকিব ও নাসিমা আক্তার, ফরিদপুরের শিরিন আক্তার, মেহেরপুরের শওকত হোসেন, বাগেরহাটের নাজু আক্তার, নড়াইলের সুইটি, বরিশালের বিটু বাড়ৈ, বগুড়ার ওবায়দুল, ঠাকুরগাঁওয়ের শিল্পী আক্তার, ভোলার রাবেয়া খাতুন, রংপুরের জাহানারা বেগম, জাহেদা খাতুন, ওজিফা ও সবিরন, জামালপুরের নার্গিস, পিরোজপুরের নিলুফা বেগম, মানিকগঞ্জের ফাতেমা আক্তার ও রেহানা বেগম, জয়পুরহাটের শাহীন রেজা, শরীয়তপুরের সাজেদা বেগম ও সুয্য বানু, পাবনার এলিনা আক্তার, মাগুরার আসাদুজ জামান ও ময়মনসিংহের আলকাস মিয়া।
ল্যাবরেটরির কর্মকর্তারা বলছেন, ডিএনএ বিশ্লেষণে বিশেষ সফট্ওয়্যার দিয়ে সহযোগিতা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল এক হাজার ১৩৪। তাঁদের প্রায় সবাই ছিলেন পোশাকশ্রমিক। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লাশ শনাক্তের পরই নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা ক্ষতিপূরণ পাবে।