ডিএনএ পরীক্ষায় সন্তানকে ফিরে পেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন-সেফহোম’-এর বাসিন্দা বাক্প্রতিবন্ধী এক শিশুর মা দাবি করছিলেন দুই মা। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা হয়। গতকাল রোববার সিলেট মহানগর হাকিম আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করা হলে আদালত শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশে গতকাল বিকেল চারটার দিকে বাক্প্রতিবন্ধী শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।
সেফহোম কর্তৃপক্ষ জানায়, গত বছরের ৩ জুন হারানো অবস্থায় শিশুটিকে আদালতের মাধ্যমে সেফহোমে দেওয়া হয়েছিল। ১৬ বছর বয়সী শিশুটি বাক্প্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। সেফহোমে তাকে ‘রাসেল’ নামে ডাকা হতো। গত ১১ মার্চ প্রথম আলোয় ‘ফিরতে উন্মুখ ১১ মুখ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে টাঙ্গাইলের মধুপুরের বাসিন্দা এক নারী শিশুটির মা দাবি করেন। অপরদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আরেক নারী শিশুটির মা দাবি করলে জটিলতা দেখা দেয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে সিলেটের বেসরকারি সংস্থা এফআইভিডিবির আইনজীবীর মাধ্যমে সিলেট মহানগর আমলি আদালত-৩-এ ঘটনাটি উপস্থাপন করা হয়। দুই মা দাবিদার হওয়ায় আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়। গতকাল এ প্রতিবেদন আদালতে দাখিল করার পর ডিএনএ পরীক্ষা অনুযায়ী শিশুটি তার মা-বাবাকে ফিরে পায়। আদালতের নির্দেশে গতকাল বিকেলে শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
গতকাল রাতে সেফহোমের প্রধান বার্তাবাহক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, ডিএনএ পরীক্ষা অনুযায়ী শিশুটির মা-বাবা শনাক্ত হন কুড়িগ্রামের নাগেশ্বরীর রোজিবা বেগম ও সাহাদুল ইসলাম। রোজিবা তাঁর সন্তানের নাম নজিবুল ইসলাম বলে জানান। আদালতের নির্দেশ পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটায় পরিবারের কাছে শিশুটিকে দেওয়া হয়। প্রথম আলোয় প্রতিবেদনের সুবাদে এর আগে আরও দুই শিশু ফিরে পেয়েছে পরিবার।