ডিএনএ পরীক্ষায় ১৫৭ ব্যক্তির পরিচয় শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএনএ পরীক্ষায় রানা প্লাজা ধসে মৃত ১৫৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আজ রোববার ঢাকা মেডিকেল কলেজের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির পক্ষ থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়। শ্রম মন্ত্রণালয় সূত্র এটা নিশ্চিত করেছে।

ডিএনএ ল্যাবরেটরি সূত্র জানায়, রানা প্লাজা ধসের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩২২ ব্যক্তির দাঁত ও হাড়ের নমুনা সরকারের পক্ষ থেকে এই ল্যাবরেটরিতে দেওয়া হয়। আর মৃত ব্যক্তির আত্মীয়দের দাবি, ৫৪০টি পরিবারের ৫৪৮ জন রক্তের নমুনা জমা দেন। মৃত ব্যক্তি ও আত্মীয়দের ডিএনএ বিশ্লেষণের ফলাফল মিলিয়ে ১৫৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁদের কবর দেওয়া হয়েছিল। প্রতিটি কবরের মাথার দিকে কাঠি পুঁতে রাখা আছে। এ ছাড়া প্রতিটি কবরের জন্য পৃথক ডিএনএ নম্বরও দেওয়া আছে।

এ বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল এক হাজার ১৩৪। তাঁরা প্রায় সবাই ছিলেন পোশাকশ্রমিক। তাঁদের মধ্যে ৩২২ জনের পরিচয় শনাক্ত হয়নি। তাঁদের জুরাইন কবরস্থানে কবর দেওয়া হয়েছিল।