ডিএনএ প্রতিবেদন মেডিকেল বোর্ডকে দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডকে তাঁর দাঁত ও সোয়াব পরীক্ষার ডিএনএ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ডিএনএ অ্যানালিস্ট নাসিমা বেগমকে এ নির্দেশ দেওয়া হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম তাঁর দপ্তরে গতকাল সোমবার বিকেলে আদালতের নির্দেশনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
আদালত সূত্র বলেছে, ২৫ মে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাইন বিল্লাহ ওই দুটি পরীক্ষার ডিএনএ প্রতিবেদন দিতে সিআইডির প্রধান ডিএনএ অ্যানালিস্টকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনার অনুলিপি মামলার তদন্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীমকেও দেওয়া হয়। গত রোববার বিকেলে কুমিল্লার সদর আদালতের উপপরিদর্শক (এসআই) বাদল বিশ্বাস ওই চিঠি তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছান।
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবে কাজ হচ্ছে। রোববার বিকেলে আদালতের নির্দেশনার চিঠি পাওয়ার পর তদন্ত সহায়ক দলের ছয় সদস্যকে বিষয়টি জানানো হয়েছে। সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সিআইডির সূত্র বলেছে, গত ২১ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধর্ষণের আলামতও পাওয়া যায়নি। পরে আদালতের নির্দেশে ৩০ মার্চ তনুর লাশ মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তোলা হয়। এদিন কুমিল্লা মেডিকেল কলেজের গঠিত মেডিকেল বোর্ড দ্বিতীয় দফা ময়নাতদন্ত করে। এ সময় তনুর চারটি দাঁতসহ ভ্যাজাইনাল সোয়াব নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়। সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে তা হস্তান্তর করা হয়। আদালতের নির্দেশে ঢাকায় সিআইডির ডিএনএ ল্যাবরেটরির প্রধান ডিএনএ অ্যানালিস্টকে ওই আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ওই ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়।
দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা ১৬ এপ্রিল ডিএনএ প্রতিবেদন চেয়ে সিআইডির ফরেনসিক বিভাগের প্রধান ডিএনএ অ্যানালিস্টকে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে ২১ এপ্রিল সিআইডির প্রধান ডিএনএ অ্যানালিস্ট বলেন, মামলার তদন্ত কর্তৃপক্ষ ব্যতীত অন্য কাউকে ডিএনএ প্রতিবেদন দেওয়ার সুযোগ নেই। ২ মে কামদা প্রসাদ সাহা মামলার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ প্রতিবেদন চেয়ে চিঠি দেন। ৪ মে তদন্ত কর্মকর্তা জানান, এখনো ডিএনএ প্রতিবেদন আসেনি। আদালতের অনুমতি ছাড়া কাউকে প্রতিবেদন দেওয়া যাবে না। ১৪ মে তাঁকে আবার চিঠি দেন কামদা প্রসাদ সাহা। ১৯ মে তদন্ত কর্মকর্তা জবাবে বলেন, ‘আদালতের নির্দেশ ছাড়া কোনো অবস্থাতেই ডিএনএ প্রতিবেদন সরবরাহ করা যাবে না।’
জানতে চাইলে কামদা প্রসাদ সাহা প্রথম আলোকে বলেন, ‘আদালত কোনো নির্দেশনা দিয়েছেন কি না, আমার জানা নেই। ডিএনএ প্রতিবেদন পেলে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’
২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের বালিকা উচ্চবিদ্যালয়ের ৩০০-৪০০ গজ দক্ষিণে পাওয়ার হাউস এলাকার কালভার্ট থেকে ৩০ গজ পশ্চিমে জঙ্গলে পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন ২১ মার্চ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
রিট আবেদন: এদিকে তনু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্বের ব্যাখ্যা তলবের নির্দেশনা চেয়ে রোববার হাইকোর্টে রিট আবেদন করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের পক্ষের আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, রিট আবেদনে ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল না করার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।