ডিএনএ প্রোফাইলিং ল্যাবে কর্মবিরতি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ চত্বরে অবস্থিত জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কর্মকর্তা-কর্মচারীরা তিন দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার টানা তৃতীয় দিন কর্মবিরতি পালন করেছেন। এতে ল্যাবের স্বাভাবিক কার্যক্রম থমকে গেছে। সমস্যা সমাধানে গতকাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিকে রাজস্ব খাতে স্থানান্তর, পদোন্নতির নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন পরীক্ষা বাবদ ফি’র কিছু অংশ (ইউজার ফি) প্রদানের দাবিতে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা ল্যাবের বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেন। দাবি না মানা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অবশ্য আন্দোলনকারী কয়েকজন কর্মী বলেন, তাঁদের কর্মবিরতিতে ল্যাবের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আটকে গেছে রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের ডিএনএ পরীক্ষাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু দাবি না মানা পর্যন্ত তাঁরা কাজে যোগও দিতে পারছেন না। কারণ, এটি তাঁদের অস্তিত্বের লড়াই। এ ব্যাপারে ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষও কোনো পদক্ষেপ নিচ্ছে না।
ডিএনএ প্রোফাইলিং ল্যাবের প্রধান শরীফ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার মহিলাবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ আন্দোলনের ব্যাপারে কিছু সিদ্ধান্ত হয়েছে। তবে তা লিখিত না হওয়ায় এখন তা জানাতে পারছি না। তবে সমস্যা দ্রুত সমাধান হবে।’