ডিএনএ ল্যাবের ৫৮ জনের চাকরি নিয়ে অনিশ্চয়তা
জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিতে (কালেকশন সেন্টার) কর্মরত ৫৮ জন কর্মচারী চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এক যুগের বেশি সময় ধরে তাঁরা এ প্রকল্পে কাজ করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত জুন মাসে। প্রকল্প শেষে জনবল সরাসরি রাজস্ব খাতে যাবে বলে আশ্বাস ছিল। কিন্তু তা আর হচ্ছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পরীক্ষাগারে (ল্যাবরেটরি বা ল্যাব) ১৭ জন কর্মরত আছেন। অন্যরা কাজ করছেন বিভাগীয় পর্যায়ে। কর্মীরা অনিশ্চয়তার মধ্যে থাকায় ল্যাবের কাজে এর প্রভাব পড়ছে বলেও কর্মীদের অভিমত। চলতি মাসের মধ্যে সরকার কোনো সিদ্ধান্ত নিতে না পারলে কর্মরত ব্যক্তিরা আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছেন।
এর আগে ২০১৩ সালের জুলাই মাসে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন পরীক্ষাগারে কর্মরত কর্মীরা। তাঁদের দাবি ছিল, জনবল রাজস্ব খাতে স্থানান্তর, পদোন্নতির নীতিমালা প্রণয়ন ও বিভিন্ন ধরনের পরীক্ষা বাবদ ফির কিছু অংশ কর্মীদের প্রদান (ইউজার ফি)। তখন কর্তৃপক্ষের আশ্বাসে কর্মীরা কর্মবিরতি স্থগিত করেন।
ডেনমার্ক সরকারের সহায়তায় ২০০৬ সালে মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টরাল কর্মসূচির আওতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি কাজ শুরু করে। এরপর রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করা হয়। ডিঅক্সিরাইবোনিউক্লিক এডিস (ডিএনএ) আইনটি ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়ায় এসব ল্যাবরেটরি আইনের আওতায় প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হচ্ছে।
জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির দেওয়া তথ্য অনুযায়ী, ডিএনএ হচ্ছে জীবের বংশগতির ধারক ও বাহক। ডিএনএ পরীক্ষার ফলাফল ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, পিতৃত্ব বা মাতৃত্ব নির্ধারণসহ নানা কাজে ব্যবহার করা হয়। ২০০৬ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত কিডনি ট্রান্স প্ল্যান্টের জন্য ৫৩ জনের ডিএনএ পরীক্ষাসহ মোট ৩ হাজার ৪৬১ নমুনার ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টরাল কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হোসেন বলছেন, ডেনমার্ক ও বাংলাদেশ সরকারের মধ্যে নতুন করে চুক্তি সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের চতুর্থ পর্যায় পরিচালিত হবে। সরকারের সব প্রকল্পেই বলা থাকে জনবল রাজস্ব খাতে নেওয়া হবে। ডিএনএ ল্যাবে কর্মরত ব্যক্তিদের বেলাতেও সে কথা বলা ছিল। তবে প্রকল্পের যেসব ‘বেনিফিট’, তা কর্মরতরা নিয়ে নিয়েছেন। এখন তাঁরা মধ্যবর্তী ব্যবস্থাপনা (এক প্রকল্প থেকে আরেক প্রকল্প শুরু হওয়া পর্যন্ত সময়) অনুযায়ী কাজ করবেন।
ল্যাবে কর্মরত ব্যক্তিরা বলছেন, ২০১৪ সালে আইনটি কার্যকর হলেও তা বাস্তবায়নে এখন পর্যন্ত বিধি তৈরি হয়নি। আইনের অধীনে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, তাও হয়নি। অধিদপ্তর না হওয়া পর্যন্ত আইনের সুষ্ঠু বাস্তবায়নের জন্য ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা সেল নামে একটি সেল থাকার কথা। ওই সেল কার্যত আছে কি না, তা নিশ্চিত নন ল্যাবে কর্মরত ব্যক্তিরা। আইনে জাতীয় ডিএনএ ডেটাবেইস প্রস্তুত করার কথা বলা হয়েছে। তা তৈরি হয়নি। তবে সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য গঠিত ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।
এসব অভিযোগ প্রসঙ্গে প্রকল্প পরিচালক এবং ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের সদস্যসচিব আবুল হোসেন বলেন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য ৯২টি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। তা অনুমোদন করা হলে সরকার ল্যাবে কর্মরত ব্যক্তিদের অভিজ্ঞতাকে বিবেচনায় নিতে পারে। বর্তমানে ল্যাবে কর্মরতরা আন্দোলনে যাওয়ার যে হুমকি দিচ্ছেন, তার কোনো যুক্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।
প্রকল্পের বিভিন্ন সময়ের কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, ২০০৭ সালের জুলাই মাসে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর সময় লিখিতভাবে বলা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার আগে এ ল্যাবরেটরির জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু তা হয়নি। কর্মরতরা জানান, কর্তৃপক্ষ মৌখিকভাবে আশ্বাস দেয়, ২০১১ সালের জুলাইয়ে তৃতীয় পর্যায় শুরু হওয়ার প্রথম এক বছরের মধ্যে জনবল রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করবে। তাও হয়নি। এখন প্রকল্পের চতুর্থ পর্যায় শুরু হতে যাচ্ছে।
কর্মরত ব্যক্তিদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তাঁদের জানানো হয়েছে, কর্মরতদের আবার পরীক্ষা দিয়ে প্রকল্পে কাজ পেতে হবে। কিন্তু ১৩ বছর, ১০ বছর ধরে এখানে কর্মরত ব্যক্তিরা এখন আর এসব শর্তে রাজি নন। তাঁদের দাবি জনবলকে সরাসরি রাজস্ব খাতে স্থানান্তরের। রাজস্ব খাতে স্থানান্তরের জন্য কোনো পরীক্ষা দিতে হলে তা দিতে তাঁরা রাজি আছেন। তা না হলে কর্মরত ব্যক্তিদের অনেকেই চাকরি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।
২০০৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় এক পরিপত্রে জানায়, অনুমোদিত উন্নয়ন প্রকল্প চলাকালীন পদের চাহিদার পাশাপাশি প্রকল্প সমাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান পদের অতিরিক্ত যেসব পদ অপরিহার্য বলে গণ্য হবে, ওই সব পদের চাহিদাও একই পদ্ধতিতে পর্যালোচনা করে উন্নয়ন প্রকল্প ছকে (ডিপিপি) অন্তর্ভুক্ত করতে হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, প্রকল্প সমাপ্তির সঙ্গে সঙ্গে রাজস্ব খাতে স্থানান্তরযোগ্য অপরিহার্য পদ স্বয়ংক্রিয়ভাবে অস্থায়ী ভিত্তিতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত হবে। নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের (তৃতীয় পর্যায়) ডিপিপির ১৩ নম্বর পৃষ্ঠায় সরাসরি জনবল রাজস্ব খাতে স্থানান্তরের কথা বলা আছে। ২০১৩ সালের জুলাই মাসে নির্বাহী বোর্ডের সভায় যথানিয়মে জনবল রাজস্ব খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল।
গত ১৫ জুন ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের প্রথম সভায় কর্মরত ব্যক্তিদের রাজস্ব খাতে নেওয়ার বিষয়টি আবার আলোচনায় আসে। এ পরিষদের চেয়ারম্যান হিসেবে মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন। এ সভায় ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির প্রধান ও উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক শরীফ আখতারুজ্জামান বলেছিলেন, ল্যাবে কর্মরত ব্যক্তিদের বেশির ভাগের চাকরির বয়স শেষ হয়ে গেছে। তাঁদের সরাসরি রাজস্ব খাতে আত্তীকরণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তবে ২৭ জুন প্রকল্প পরিচালকের সই করা সভার কার্যবিবরণীর সিদ্ধান্তে জনবল রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়টি বাদ দেওয়া হয়।
সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য গঠিত ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের সদস্য হাসিনা খান প্রথম আলোকে বলেন, জাতীয় ফরেনসিক ল্যাবে কর্মরত ব্যক্তিদের অনেকেই ১৩ বছর, ১০ বছর ধরে কাজ করছেন। তাঁরা প্রশিক্ষিত। এত দিনেও তাঁদের চাকরি নিয়মিত না হওয়াটা দুঃখজনক। দক্ষ জনবল ল্যাবের চাকরি ছেড়ে দিলে তা ল্যাবের জন্য ক্ষতিকর হবে। সবদিক বিবেচনায় সরকারের বিষয়টি আমলে নেওয়া প্রয়োজন।