ডিএনএর পুরো প্রতিবেদন বোর্ডকে দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু হত্যাকাণ্ড
তনু হত্যাকাণ্ড

কুমিল্লার কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএর পুরো প্রতিবেদনই দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নাব বেগম গতকাল রোববার বিকেলে ওই আদেশ দেন। কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের উপপরিদর্শক (এসআই) বাদল বিশ্বাস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম গতকাল সকালে আদালতে একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ‘তনুর দাঁত ও দেহরসের (সোয়াপ) নমুনা পরীক্ষাসহ সবকিছু একটি প্রতিবেদনেই রয়েছে। আলাদাভাবে দাঁত ও দেহরসের পরীক্ষা নেই। ডিএনএ প্রতিবেদন থেকে কেটে দাঁত ও সোয়াবের অংশটুকু ময়নাতদন্তকারী বোর্ডকে দেওয়া কষ্টসাধ্য। প্রতিবেদনের আংশিক জিনিস দেওয়ার সুযোগ নেই। এ জন্য পুরো প্রতিবেদনটিই মেডিকেল বোর্ডকে দিতে হবে। এ জন্য আদালতের নির্দেশনা চাই।’

মামলার তদন্ত কর্মকর্তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পুরো প্রতিবেদন দেওয়ার ওই আদেশ দেন।

মোহাম্মদ ইব্রাহীম বলেন, আদালত গত ২৫ মে দুটি নমুনা দাঁত ও দেহরসের ডিএনএ প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার নির্দেশ দেন। এ নির্দেশনা পাওয়া যায় ২৯ মে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা গত বুধবার ঢাকায় সিআইডির কার্যালয়ে এ নিয়ে বৈঠক করেন। বৈঠকে এ বিষয়ে আদালতের নির্দেশনা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, ‘নির্দেশনা অনুযায়ী আমরা মেডিকেল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন দেব।’

তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা বলেন, ‘ডিএনএ প্রতিবেদন পেলে দ্রুত ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’

তবে কামদা প্রসাদ সাহা এও বলেন, ৯ জুন পর্যন্ত তিনি দাপ্তরিক কাজে কুমিল্লার বাইরে যাবেন। ফিরে দুই দিনের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে।

গত ২০ মার্চ কুমিল্লার কলেজছাত্রী তনু খুন হন। ওই দিনই তাঁর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন তনুর পরিবারের সদস্যরা। আদালতের নির্দেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তুলে কুমিল্লা মেডিকেল কলেজের গঠিত মেডিকেল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত করে। তবে গত ৬৭ দিনেও দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশিত হয়নি।