ডিএনএ'র ফলাফল পাঠানো হবে ডিসিদের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএনএ (ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড) পরীক্ষায় সাভারের রানা প্লাজা ধসে নিহত ১৫৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। তাঁদের মধ্যে ১১৬ জন নারী ও ৪১ জন পুরুষ।
ডিএনএ পরীক্ষার এই ফলাফল শ্রম মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর তা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হবে। সেখান থেকে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমসচিব মিকাইল শিপার এসব তথ্য জানান।
শ্রমসচিব জানান, রানা প্লাজা ধসের ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় ৩২২ জনের দাঁত ও হাড়ের নমুনা সরকারের পক্ষ থেকে ল্যাবরেটরিতে দেওয়া হয়। মৃত ব্যক্তিদের আত্মীয় দাবি করে ৫৪০টি পরিবারের ৫৪৮ জন রক্তের নমুনা দেন। মৃত ব্যক্তি ও স্বজনদের ডিএনএ বিশ্লেষণের ফলাফল মিলিয়ে ১৫৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গত রোববার ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির পক্ষ থেকে ডিএনএ পরীক্ষার ফলাফল শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, রানা প্লাজা ধসের ঘটনায় দুই হাজার ৭৮৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ১২ কোটি ৫৬ লাখ টাকা সহায়তা দিয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। তবে কবে, কোথায়, কীভাবে এ সহায়তা দেওয়া হয়েছে, সে বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের কাছে কোনো পরিসংখ্যান নেই।