ডিএনডি থেকে পানি নামাতে নতুন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী বছর বর্ষায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) ৫৭ বর্গকিলোমিটার বাঁধ এলাকায় কমে আসবে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার প্রকোপ। কারণ এর আগেই শুরু হবে বাঁধের ভেতর জলাবদ্ধতা কমানোর জন্য ৫৫৮ কোটি টাকার প্রকল্পের কাজ। কাজ শেষ হলে বাঁধের ভেতরের প্রায় ১৭ লাখ মানুষ মুক্ত হবে প্রায় নিয়তির সঙ্গে জড়িয়ে যাওয়া জলাবদ্ধতার অভিশাপ থেকে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঢাকা কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য জানিয়ে বলেছেন, ডিএনডি বাঁধ সংস্কার এবং ভেতরের জলাবদ্ধতা দূর করার এই প্রকল্পটি ৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদিত হয়েছে। ৫৫৮ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরুর পর আগামী বর্ষায় ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা কমে আসবে। তবে পুরো ফল পাওয়া যাবে তিন বছর পর কাজ শেষ হলে।
এই অঞ্চলের শিমরাইলে কৃষি সেচের জন্য ১৯৬২ সালে গড়ে ওঠে একটি পাম্পহাউস। জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য এত বছর এই পাম্পহাউসের ওপরই নির্ভরশীল ছিল পুরো বাঁধ এলাকা। সেখানে ১২৮ কিউসেক পানি নিষ্কাশনক্ষমতার চারটি পাম্প ও কয়েকটি ছোট পাম্প থাকলেও তেমন কাজে আসে না। বৃষ্টি হলেই বাঁধের ভেতরের এলাকা ডুবে যায়।
পাউবোর ঢাকা কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, কাজ শুরুর পর আগামী বর্ষার আগেই কিছু অগ্রগতি আশা করা যায়। তবে পুরো ফল পাওয়া যাবে কাজ শেষ হলে। তিনি বলেন, বাঁধের ভেতর ১০ শতাংশ জায়গা রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। তবে সেখানে অপরিকল্পিত বাড়িগুলো প্রকল্পের কাজে খুব প্রভাব ফেলবে না। তারপরও রাজউক এবং ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় থাকবে।

.
.

এই প্রকল্পের আওতায় দুটি নতুন পাম্পহাউস করা হবে। একটি পাম্পহাউস আদমজী নগরে এবং আরেকটি হবে শিমরাইলে পুরোনো পাম্পহাউসের পাশে। এ ছাড়া শিমরাইলে ৭টি, আদমজী নগরে ৬টি, শ্যামপুরে ২টি, পাগলায় ১০টি ও ফতুল্লায় ছোট-বড় ১২টি পাম্পস্টেশন বসানো হবে। এসব পাম্পহাউস ও স্টেশন বসানোর পর শুরু হবে বাঁধের ভেতরে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ খাল সংস্কারের কাজ।
বাঁধের ভেতরের অনেক এলাকা এখনো জলাবদ্ধ: গত সপ্তাহ পর্যন্ত ডিএনডি বাঁধের ভেতরের অনেক এলাকায় কোমরপানি ছিল। আস্তে আস্তে পানি কমে আসছে। তবে চলতি মাসেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আবারও ভেতরে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কার কথা বলেছেন পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পূর্ব দোলাইরপাড় ও কুতুবখালী থেকে পানি অনেকটা নেমে গেছে। তবে শেষ হয়নি মানুষের দুর্ভোগ। দোলাইরপাড়ের বাসিন্দা সরকারি একটি সংস্থায় কর্মরত শহীদুল হক বলেন, দোলাইরপাড় কাঁচাবাজারে গত সপ্তাহে বেচা-কেনা হয়েছে পানির মধ্যে দাঁড়িয়ে।
বাঁধের ভেতরের মোগলপাড়া, সারুলিয়া, ডগাইর, দেইলা, গোবিন্দপুর, রসুলপুর, দৌলতপুর, মুন্সিবাগ, আদর্শনগর, কান্দাপাড়া, সাহেবপাড়া, সানারপাড়, বাগমারা, মৌচাক, কুতুবআইল, নয়ামাটি, চানমারি, শহীদনগরসহ আশপাশের নিচু এলাকায় এখনো পানি আটকে আছে।
বাঁধের ঢাকা অংশের কাজীরগাঁও মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ খোকন বললেন, কয়েক দিন আগেও এলাকায় এত পানি জমেছিল যে বাসা থেকে বেরোতে পারেননি। এলাকায় রিকশা, অটোরিকশা কিছুই চলাচল করেনি।
অনেক বাড়িতে কল খুললেই ময়লা পানি আসছে বলে অভিযোগ করেছেন মৃধাবাড়ির বাসিন্দা একটি বাড়ির মালিক আবদুস সাত্তার। তিনি বলেন, ঢাকা ওয়াসার কাছে অভিযোগ করলে বলা হয়েছে সংরক্ষিত ট্যাংকে ময়লা পানি ঢুকে যাওয়ায় এই সমস্যা হয়েছে। ট্যাংক থেকে সব পানি ফেলে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।