ডিএনডি বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতা, দুর্ভোগেমানুষ
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পাম্প মেশিন না থাকা এবং খালগুলো অবৈধ দখল ও ভরাট হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিএনডি পাম্প হাউস সূত্র জানায়, গতকাল শুক্রবার হাউসের মূল খালে পানি বিপৎসীমার ৩ দশমিক ৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। দুই দিন বৃষ্টি না হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে বৃষ্টি হলে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে।
জলাবদ্ধতার কারণে ডিএনডির অভ্যন্তরের বাড়িঘর, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। কোথাও হাঁটুপানি কোথাও কোমরপানিতে ভোগান্তিতে পড়েছে মানুষ।
চাঁদমারী এলাকার বাসিন্দা জ্যোৎস্না বেগম জানান, বৃষ্টির পানিতে ঘরে হাঁটুপানি উঠেছে। কোনো কাজ করতে পারছেন না। ভয়াবহ কষ্টে দিন কাটাচ্ছেন। একই এলাকার তারা বিবি জানান, তাঁর বাড়ির উঠানে পানি প্রায় কোমরসমান। রান্নাঘরে পানি ঢুকেছে। খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করতে পারছেন না। সস্তাপুর এলাকার বাসিন্দা শিক্ষিকা ফারজানা আফরোজ জানান, কোনো দিকে যাওয়া যাচ্ছে না। যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বৃষ্টি বন্ধ না হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, খালগুলো অবৈধ দখল ও ভরাট হয়ে যাওয়া এবং পুরোনো পাম্প দিয়ে যথাযথভাবে পানি নিষ্কাশিত না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রশাসন শক্তভাবে অবৈধ দখল উচ্ছেদের পদক্ষেপ নিচ্ছে না। ফলে ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডিএনডি পাম্প হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঢাকার যান্ত্রিক (পাম্প) নির্বাহী গোলাম সারোয়ার জানান, পাম্প হাউসের চারটি পাম্পের মধ্যে তিনটি চালু আছে। এ ছাড়া তিন বছর আগে স্থাপন করা ২৭টি পাম্পের মধ্যে চালু রয়েছে ১২টি। কিন্তু অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাম্পগুলোর অত ক্ষমতা নেই যে মুহূর্তেই পানি নিষ্কাশন করা যাবে। তিনি জানান, ৪৮ বছরের পুরোনো পাম্প পানিনিষ্কাশনে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ডিএনডির মূল খালে বিভিন্ন আবর্জনা এসে পড়ায় পানিনিষ্কাশনে সমস্যা হচ্ছে। ইউএনওর ওপর হামলার চেষ্টা: নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম জানান, গতকাল তিনি ডিএনডি বাঁধের অভ্যন্তরের পানিনিষ্কাশন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দেখতে পান, ফতুল্লার কুতুবআইল এলাকায় র্যাডিকেল ডিজাইন পোশাক কারখানা খালের ওপর পাকা সেতু তৈরি করেছে। ইউএনও বলেন, ‘আমি ও আমার লোকজন তাঁদের এই অবৈধ স্থাপনা সরিয়ে দিতে বলি। এ খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ফায়ার অ্যালার্ম বাজিয়ে শ্রমিক জড়ো করে আমাদের ওপর হামলার চেষ্টা করেন। আমি পরিচয় দিলে পরিস্থিতি শান্ত হয়।’ এ ব্যাপারে র্যাডিকেল ডিজাইনের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি।
জলাবদ্ধতা নিরসনের দাবিতে অবরোধ: নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। গতকাল দুপুরে রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব-কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তারাব পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, দুটি পাম্পের একটি বিকল হওয়ায় পানিনিষ্কাশনে সমস্যা হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকটি পাম্প বসানোর প্রক্রিয়া চলছে।