ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা
দুই দিনের টানা বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট হাঁটুপানিতে তলিয়ে গেছে, পানি উঠেছে অনেক বাড়িঘরে। অনেক খামারের মাছ পানিতে ভেসে গেছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত পাম্প হাউসের একজন কর্মকর্তা জানান, প্রধান নিষ্কাশন খাল দিয়ে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হচ্ছে। ময়লা-আবর্জনা ও দখলের কারণে শাখা খালগুলো সংকুচিত হয়ে যাওয়ায় নিম্নাঞ্চলের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।জানা গেছে, ডিএনডি বাঁধের অভ্যন্তরে ঢাকার চারটি ইউনিয়ন দনিয়া, শ্যামপুর, সারুলিয়া ও মাতুয়াইল এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়ন কুতুবপুর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও গোদনাইল অবস্থিত। বাঁধের অভ্যন্তরে প্রায় ১৬ লাখ মানুষের বসবাস। দুই দিনের বৃষ্টিতে বাঁধের ঢাকা অংশের ট্যাংরা, মধ্যট্যাংরা, সারুলিয়া, ডগাইর, রসুলনগর, আমতলী, হাজীনগর ও মাতুয়াইলসহ কয়েকটি এলাকা এবং নারায়ণগঞ্জ অংশের চাঁদমারী, হাজীগঞ্জ, শিবুমার্কেট, আলীগঞ্জ, পাগলা, কুতবপুর, শান্তিধারা, তুষারধারা, গিরিধারা, দেলপাড়া, লামাপাড়া, নয়ামাটি, ভূঁইগড়, শহীদনগর, সুগন্ধ্যা, ইসলামবাগ, পূর্ব ইসদাইর, রসুলবাগ, জালকুড়ি, বাঘমারা, কদমতলী, মধ্যকদমতলী, নিমাইকাঁসারী, নতুন মহল্লা, হিরাঝিল, পাইনাদি, পশ্চিমপাড়া, বৌবাজার, পাঠানতলী, তাঁতখানা, গোদনাইল, এনায়েতনগর, সস্তাপুর, কোতালেরবাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুপানি জমে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেক বাড়ির রান্নাঘর পানিতে তলিয়ে গেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকার বাসিন্দা মাহমুদুল হক তালুকদার জানান, টানা বৃষ্টিতে তাঁর খামারের লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার সোহরাব হোসেন বলেন, তাঁর বাড়িতে হাঁটুপানি জমে গেছে। এলাকার অনেক মসজিদে পানি উঠে যাওয়ায় মুসল্লিরা দুর্ভোগে পড়েছেন। ভূঁইগড় এলাকার কাজী মো. আবদুল্লাহ বলেন, প্রভাবশালী ব্যক্তিরা পানি নিষ্কাশনের খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধিরগঞ্জ শিমরাইল পাম্প হাউসের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পাম্প হাউসের প্রধান সেচ খালে সাত দশমিক আট ফুট পানি রয়েছে। স্বাভাবিকভাবে ওই খালে ছয় ফুট পানি থাকে। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।