ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা। গত রোববার দুপুরে জেলা পরিষদ কার্যালয়সংলগ্ন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামবাগ রোড থেকে তোলা ছবি l প্রথম আলো
ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা। গত রোববার দুপুরে জেলা পরিষদ কার্যালয়সংলগ্ন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামবাগ রোড থেকে তোলা ছবি l প্রথম আলো

ভারী বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অনেক বাড়িঘর, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের খালগুলো দখল ও ভরাট হয়ে গেছে। এ কারণে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। তবে পাম্প হাউস কর্তৃপক্ষ বলছে, আবর্জনার কারণে খালে পানি নামতে পারছে না। এতে বাঁধের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
ডিএনডি বাঁধের ভেতরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ, ফতুল্লার কোতালেরবাগ, দক্ষিণ সস্তাপুর, লালপুর, সেহাচর, মিজমিজির পাইনাদী, সিআইখোলা, কালাহাতিয়ার পাড়, নতুন মহল্লা, মজিববাগ, রসুলবাগ, নয়াআটি, নিমাইকাশারী, সানারপাড়, টেংরা, কোদালদাহ, তুষারধারা, বক্সনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাঘমারা, সাদ্দাম মার্কেট, জালকুড়ি, হাজীনগর, মাতুইয়াল, শহীদ নগর, সবুজবাগ, ভূইঘর, দেলপাড়া, ডগাইর, নয়াপাড়া, ধনকুন্ডাসহ বিভিন্ন এলাকার অনেক বাড়িঘর, রাস্তাঘাটসহ মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও সবজিখেতে পানি উঠে গেছে।
দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, ‘আমার ঘরে পানি উঠেছে। ঘর থেকে পানি সেচতে হচ্ছে। কাজে যেতে পারছি না।’
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার বাসিন্দা সানোয়ার হোসেন বলেন, তাঁদের উঠানে হাঁটুপানি জমে গেছে।
নতুন মহল্লার নুরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানিতে নর্দমা ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এ নোংরা পানি পার হয়ে আমাদের চলাচল করতে হচ্ছে।’
শিমরাইল পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী এম গোলাম সারওয়ার বলেন, এ পাম্প হাউসে ৫১২ কিউসেক ক্ষমতাসম্পন্ন চারটি এবং পাঁচ কিউসেক ক্ষমতাসম্পন্ন ২২টি ছোট পাম্প দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। কিন্তু পানি নিষ্কাশনের খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। খালগুলো ময়লা-আবর্জনা ও দখলমুক্ত করা গেলে সমস্যা অনেকটাই কেটে যেত। এ ছাড়া এ সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।