ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, শিল্প-কারখানাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ। বাড়িঘর ছেড়ে অনেক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে প্রশাসন বলছে, পানিনিষ্কাশনের কাজ চলছে। খুব শিগগির পানি নেমে যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ডিএনডি বাঁধের ভেতরে প্রায় ২০ লাখ মানুষ বাস করে। দুই দিনের টানা বৃষ্টিতে বাঁধের ভেতরের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর, লাল খাঁ, সেহাচর, ওয়াপদারপুল, টাগারপাড়, উত্তর মাসদাইর, তুষারধারা জালকুড়ি, ভুঁইগড়, লামপাড়া, রামারবাগ, নয়ামাটি, ওয়াপদারপুল, কতুবপুর, পাগলা চিতাশাল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদি, কালাহাতিয়ার পাড়, সিআইখোলা, নতুন মহল্লা, মজিববাগ, কুতুববাগ, রসুলবাগ, নিমাই কাসারী, টেংগারপাড়, কোদালদাহ, বকশনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাগপাড়া, ধনকুণ্ডাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। হাঁটুপানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান।
এলাকাবাসী জানান, পানিনিষ্কাশনের খালগুলো অবৈধ দখল এবং ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে ফেলায় পানি সরতে না পেরে বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির সঙ্গে শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য মিশে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে পড়েছে এলাকার লোকজন।
দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা আমেনা বেগম ও পারভীন বেগম বলেন, দুই দিনের বৃষ্টিতে তাঁদের ঘরবাড়ি হাঁটুপানিতে তলিয়ে গেছে। বাড়ির আসবাবসহ বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। রান্নাঘরও তলিয়ে থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই তাঁরা এ ধরনের ভোগান্তিতে পড়েন।
পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সোহাগ হোসেন বলেন, ডিএনডি বাঁধের ভেতরে কয়েক লাখ মানুষ বাড়িঘর তুলে বাস করছে। পাশাপাশি এখানে শিল্প-কারখানাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই বাঁধের ভেতরে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানিনিষ্কাশনের খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশাসন অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
শিমরাইলের ডিএনডি পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, চারটি বড় পাম্প চালু থাকার পাশাপাশি পাঁচ কিউসেকের আরও ২২টি ছোট পাম্প চালু রয়েছে। পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। নিষ্কাশন খালগুলো দিয়ে পানি নেমে আসতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলে খুব শিগগির পানি নিষ্কাশন করা সম্ভব হবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম বলেন, খাল দখলকারীদের উচ্ছেদে উদ্যোগ নেওয়া হয়েছে। দখলকারীদের তালিকা করে জেলা প্রশাসনে নথি পাঠানো হয়েছে। শিগগিরই খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।