ডিএনডি বাঁধের মধ্যে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের টানা বর্ষণে ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের অভ্যন্তরে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। রাস্তাঘাট, বাড়িঘরসহ নানা স্থাপনা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবন যাপন করছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও গতকাল শুক্রবারের বর্ষণে ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ, ফতুল্লার নিচু এলাকার অনেক বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে।
মিজমিজি পূর্বপাড়ার আল-আমিন নগরের বাসিন্দা মনির হোসেন বলেন, দুই দিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটুসমান পানি জমে গেছে। ঘরের দরজায় ইটের বাঁধ দিয়ে পানি আটকানো হয়েছে। তবে কিছুক্ষণ পরপর পানি চুইয়ে ঘরে ঢুকে পড়ছে। তাই একটু পরপর পানি সেঁচতে হয়। তিনি জানান, আল-আমিন নগরে ৫০-৬০টি বাড়িঘর রয়েছে। প্রতিটি বাড়িতে বৃষ্টির পানিতে একই অবস্থার সৃষ্টি হয়েছে।
কদমতলী নয়াপাড়ার বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন, ‘বৃষ্টিতে আমার তিনটি টিনের ঘরে পানি ঢুকেছে। ঘরের ভাড়াটিয়া বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। আর বৃষ্টির পানিতে ময়লা-আবর্জনা মিশে একাকার হয়ে গেছে। এতে নোংরা পানি ভেঙে চলাচল করতে হচ্ছে। এভাবে ডিএনডির ছয়টি থানার বিভিন্ন স্থানের নিচু এলাকার লোকজন পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) ঢাকা যান্ত্রিক পাম্প হাউস (শিমরাইল পাম্প হাউস) বিভাগের নির্বাহী প্রকৌশলী এম গোলাম সারওয়ার বলেন, টানা এক ঘণ্টা বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ডিএনডি থেকে দ্রুত পানি নিষ্কাশন করতে হলে অন্তত আরও তিনটি পাম্প স্টেশন স্থাপন করতে হবে। তাহলে ডিএনডিবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।