ডিএনডির জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাবেশ-মিছিল
ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসন, খাল-জলাশয় দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সিপিবি ও বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সিপিবির নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, বাসদ নেতা আবু নাঈম খান, জাহাঙ্গীর আলম, এম এ মিল্টন, এস এম কাদির, সিপিবির নেতা বিমল কান্তি দাস, এম এ শাহীন ও ইকবাল হোসেন।
হাফিজুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম এলেই চরম দুর্ভোগ পোহাতে হয় ডিএনডি বাঁধ এলাকার মানুষকে। সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাড়িঘর, শিল্পকারখানা, রাস্তাঘাট, স্কুল-কলেজ পানিতে তলিয়ে যায়। বছরের পর বছর এই দুর্ভোগ বয়ে বেড়াচ্ছে ডিএনডি বাঁধ এলাকার প্রায় ২০ লাখ মানুষ।
নিখিল দাস বলেন, ২০১৬ সালে ডিএনডি বাঁধ এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে একনেকের বৈঠকে ৫৫৮ কোটির টাকার প্রকল্প অনুমোদন হয়। কিন্তু এখনো কার্যাদেশই হয়নি।
সমাবেশে ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সিপিবি-বাসদের উদ্যোগে ১৭ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।