ডিএনসিসি এলাকায় সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিন হাজার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪২টি ক্যামেরা বসানো হয়েছে। গতকাল বুধবার মেয়র আনিসুল হকের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিসি ক্যামেরা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এই অনুষ্ঠানে ডিজিটাল ডিএনসিসি অ্যাপেরও উদ্বোধন করা হয়।
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় ৬৪২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসিয়েছে ডিএনসিসি। এসব এলাকার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি (ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি বা এলওসিসি) ক্যামেরাগুলো তদারক করছে। গুলশান থানা এলাকায় ২০১৫ সালের ১৫ মে থেকে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি কার্যক্রম শুরু হয়।
গতকাল বিকেলে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ডিএনসিসি মেয়রের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে সিসিটিভি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ডিএনসিসি এলাকায় সিসি ক্যামেরা বসানোর পর জনগণের নিরাপত্তাসহ ডিএনসিসির সার্বিক কাজের তদারক করা সম্ভব হবে। বিশেষ করে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে এটি ভালো কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘ডিএনসিসি এলাকার নিরাপত্তায় ৬০০ ক্যামেরা বসিয়েছি। মেয়র শুধু সড়কের বাতি আর ময়লার জন্য দায়িত্বপ্রাপ্ত। তবু সব ধরনের কাজ করে যাচ্ছি।’ মেয়র বলেন, আগামী ১ জুলাই থেকে ডিজিটাল ডিএনসিসি অ্যাপ কাজ করবে। অ্যাপের মাধ্যমে নগরবাসী তাঁদের চোখের সামনে থাকা নানা সমস্যার চিত্র ডিএনসিসির বরাবরে পাঠাতে পারবেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, স্থানীয় সাংসদ এ কে এম রহমতুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
গুলশান, বারিধারা, বনানী, নিকেতন সমিতি ও গুলশান ইয়ুথ ক্লাবের সহায়তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। গুলশানের ১০২ নম্বর সড়কে স্থাপিত আধুনিক নিয়ন্ত্রণকক্ষ থেকে ক্যামেরাগুলো নজরদারি করা হবে।
অনুষ্ঠানে ডিএনসিসি ডিজিটাল অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে নাগরিক সেবা বিষয়ে তথ্য পাওয়া যাবে। যেকোনো সমস্যা সিটি করপোরেশনকে সরাসরি জানানো যাবে।