ডিএনসিসি মার্কেটে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই: ফায়ার সার্ভিস

রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেটে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, যেকোনো ভবনে আগুন লাগতে পারে। কিন্তু আগুন নেভানোর সক্ষমতা, পর্যাপ্ত পানির ব্যবস্থা ও আগুন নেভানোর যন্ত্র থাকতে হবে।
এই মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে মেজর শাকিল বলেন, ফায়ার সার্ভিসের গাড়িগুলোতে নির্দিষ্ট পরিমাণে পানি থাকে। এই পানি শেষ হয়ে গেলে বাইরে থেকে সংগ্রহ করতে হয়েছে। সেই পানি নিয়ে আসতেও সময় লেগেছে।
মেজর শাকিল নেওয়াজ বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ফলে গুলশান-১ নম্বর ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। দোকানিদের মালামাল সরানো ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনগুলোকে চলাচলের জন্য গুলশান-১ নম্বর চত্বর থেকে শুটিং ক্লাব পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনে মার্কেটের একাংশ ধসে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার খবর পেয়ে রাতেই অনেক দোকানমালিক ও কর্মচারী ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে না আসায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ তাঁদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
ডিসিসির এই মার্কেটে হাজারো দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন।