ডিএনসিসির কর্মচারীদের জন্য বহুতল ভবন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য মিরপুরে আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। গতকাল সোমবার বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।
মিরপুরের সেকশন-১-এ প্রায় ২০ দশমিক ১৫৭ কাঠা জমির ওপর প্রথম পর্যায়ে ২১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে চারতলা আঞ্চলিক কার্যালয় নির্মাণ করা হবে। ভবনটির প্রথম তলার কিছু অংশ বাণিজ্যিক ব্যাংকের জন্য রাখা হবে। আর পরবর্তী আটটি ফ্লোরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসনের জন্য ৬২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
মেয়র বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি নেওয়া হচ্ছে। প্রতিশ্রুতি মোতাবেক প্রায় প্রতিটি কাজ করা হচ্ছে। বহুতল ভবনটিতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য ৮১০ বর্গফুটের ৩১টি এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ৬০০ বর্গফুটের ৩১টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ ছাড়া ভবনটিতে ৪৪টি কার পার্কিং, কার্গো লিফট, প্যাসেঞ্জার লিফট, নিজস্ব জেনারেটর এবং অগ্নিনির্বাপণব্যবস্থা থাকবে।