ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেজবাউল করিমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে মামলা করে বিকেলে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।
দুদক সূত্র বলেছে, দয়াগঞ্জে সুইপার কলোনি নির্মাণে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় দেড় কোটি টাকা ক্ষতি করার অভিযোগে মেজবাউল করিমসহ চারজনের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা করেন দুদকের ওই কর্মকর্তা।
এজাহারে বলা হয়, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে দয়াগঞ্জ সুইপার কলোনি নির্মাণের প্রকল্প নেয় তৎকালীন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। প্রকল্পের কাজ পায় মেসার্স আবুল অ্যান্ড ব্রাদার্স। প্রকল্পের পরিচালকের দায়িত্বে ছিলেন ওই সময়ে ডিসিসির (অঞ্চল-১) নির্বাহী প্রকৌশলী মেজবাউল করিম। তাঁর সঙ্গে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ডিসিসির (অঞ্চল-১) সহকারী প্রকৌশলী (বর্তমানে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান) মো. মজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী (বর্তমানে সহকারী প্রকৌশলী, পরিবেশ সার্কেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) নির্মল চন্দ্র দে।
মামলায় উল্লেখ করা হয়, প্রকল্প বাস্তবায়নের সময় ঠিকাদারের যোগসাজশে প্রকল্পের কাজ মানসম্মত ও শর্ত মোতাবেক না হলেও ঠিকাদারকে ১ কোটি ৪২ লাখ ৪২ হাজার ১০ টাকা বিল পরিশোধ করেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল ভবনটিকে ঝুঁকিপূর্ণ ও যেকোনো সময় ভেঙে প্রাণহানি ঘটতে পারে বলে প্রতিবেদন দেয়।