ডিএনসিসির দুই প্রকৌশলীকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থার ওই সময়ের দুই শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন তাঁদের তলব করে নোটিশ পাঠান।
দুদক যাঁদের তলব করেছে তাঁরা হলেন সংস্থাটির ওই সময়ের নির্বাহী প্রকৌশলী মোল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আলী শাহ। তাঁদের ২৮ ফেব্রুয়ারি সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
বি এম এনামুল হক বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সমন্বয় ও আদালত)। ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর ২০১২ সালের শেষ দিকে তিনি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। গত বছরের নভেম্বরে তাঁকে বদলি করা হয়।
দুদক সূত্র জানায়, ডিএনসিসিতে যোগ দেওয়ার পর বি এম এনামুল হক বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।