ডিএনসিসির পার্ক উন্নয়নে ২৮০ কোটি টাকার প্রকল্প
অযত্ন-অবহেলায় রাজধানীর বেশির ভাগ পার্কের অবস্থাই বেহাল। নষ্ট হয়ে গেছে পরিবেশ, ভবঘুরে আর বাউণ্ডুলেদের আড্ডার স্থানে পরিণত হয়েছে পার্কগুলো। একটি বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী, ৪১ শতাংশ রাজধানীবাসী পরিবেশ খারাপ হওয়ায় পার্ক বা খেলার মাঠে যান না।
এমন অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়নের জন্য প্রায় ২৮০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৭ মার্চ একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের আওতায় জনসাধারণের ব্যবহারের উপযোগী করে ২২টি পার্ক এবং ৪টি খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের আধুনিকায়ন এবং উন্নয়ন করা হবে। প্রকল্পের আওতায় ডিএনসিসি এলাকার গণশৌচাগার, স্বাস্থ্যসম্মত জবাইখানা, পদচারী-সেতু এবং কবরস্থানেরও উন্নয়ন করা হবে।
ডিএনসিসির অধীনে কাগজে-কলমে ২২টি পার্ক আছে। এর মধ্যে মোহাম্মদপুরের তাজমহল রোড পার্ক, লালমাটিয়া ডি-ব্লক পার্ক, হুমায়ূন রোড পার্ক, মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক, শ্যামলী পার্ক, মিরপুর গুদারাঘাট পার্ক, ফার্মগেট ত্রিকোণ পার্ক—এগুলোর প্রায় একই রকম বেহাল অবস্থা।
মোহাম্মদপুরের তাজমহল রোডের সি-ব্লকে অবস্থিত তাজমহল রোড পার্কটি ১৯৯৭ সালের পর আর সংস্কার হয়নি। গত বুধবার দেখা যায় পার্কের সর্বত্রই অযত্ন-অবহেলার ছাপ। পার্কের ঠিক মাঝখানে ফোয়ারা। মরচে ধরা ও ভাঙা যন্ত্রাংশ দেখে বোঝার উপায় নেই শেষ কবে এটি পানি ছড়িয়েছে। পার্কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। বসার জায়গাগুলোতে জমেছে শেওলা।
মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে গিয়ে দেখা যায়, পাশের বাজারের লোক, পথচারী, খেলতে ও আড্ডা দিতে আসা লোকজন তাঁদের প্রয়োজনমাফিক মাঠের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব কোনায় প্রস্রাব করছেন। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ। রাজধানীর চারটি খেলার মাঠ, পাঁচটি এলাকাভিত্তিক পার্ক ও তিনটি নগর পার্কের ওপর একটি জরিপ পরিচালনা করে বেসরকারি প্রতিষ্ঠান ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট। এগুলোর সুযোগ-সুবিধা, এগুলো কী কী কাজে ব্যবহৃত হয়, লোকজন কেন এগুলো ব্যবহার করেন না ইত্যাদি বিষয়ে জরিপটি পরিচালিত হয়। ২০১৬ সালের অক্টোবরে জরিপ ফলাফল নিয়ে ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ’ শীর্ষক একটি প্রকাশনা বের করা হয়।
জরিপে দেখা যায়, রাজধানীর বাসিন্দাদের ৪১ শতাংশ পরিবেশ খারাপ হওয়ায় পার্ক বা খেলার মাঠে যান না। নিরাপত্তার অভাবে পার্কে যান না ৩৫ শতাংশ। ৩৪ শতাংশ মনে করেন, পার্ক ও খেলার মাঠগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিম্নমানের। ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, বাসার কাছাকাছি ছিমছাম, সুন্দর পার্ক হলে এলাকাবাসী সময় কাটাতে সেখানে বেশি বেশি যাবেন। জরুরি ভিত্তিতে পার্ক ও মাঠগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা দরকার। সব বয়সীরা যাতে এগুলো ব্যবহার করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।
এমন অবস্থায় ডিএনসিসি এলাকায় যেসব পার্ক ও খেলার মাঠ আছে, সেগুলোর উন্নয়নে প্রায় ২৮০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের আওতায় জনসাধারণের ব্যবহারের উপযোগী করে পার্ক এবং খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের আধুনিকায়ন এবং উন্নয়ন করা হবে।
ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, ঢাকা শহর বর্তমানে পৃথিবীর অন্যতম জনবহুল মহানগরী। অপরিকল্পিত নগরায়ণ এবং উন্মুক্ত স্থান কমার কারণে শহরের সবুজের সমারোহ দিন দিন কমে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিশুদের মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে সুস্থ পরিবেশে অবসর সময় কাটানোর সুযোগ তৈরি হবে।
ডিএনসিসির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ বলেন, এই প্রকল্পের বাইরেও ডিএনসিসির নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে কয়েকটি পার্কের উন্নয়নকাজ শুরু হয়েছে। একনেকে প্রকল্প অনুমোদিত হওয়ায় এখন নকশা প্রণয়ন ও আনুষঙ্গিক কাজ শুরু করা হয়েছে। এই অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর চেষ্টা করা হবে।