ডিএনসিসির প্রকল্প উদ্বোধন হয়, কিন্তু চালু হয় না
রাজধানীর মিরপুর ১ নম্বরের হজরত শাহ আলী (রহ.) মার্কেটের আংশিক নির্মিত অংশটি উদ্বোধন করা হয় গত বছরের ২৯ অক্টোবর। উদ্বোধনের দুই মাসের বেশি পেরোলেও তা চালু করতে পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি নির্মিত মহাখালীর নতুন পশু জবাইখানার ক্ষেত্রেও প্রায় একই চিত্র। গত ২১ নভেম্বর উদ্বোধন করা হলেও জবাইখানাটির ব্যবহার শুরু হয়নি।
ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পূর্ণ প্রস্তুতি ছাড়াই শাহ আলী (রহ.) মার্কেট ও মহাখালী পশু জবাইখানা উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের সময় দুটি প্রকল্পের বেশ কিছু আনুষঙ্গিক কাজ বাকি ছিল। উদ্বোধনের পরও সেসব কাজ শেষ করতে পারেনি ডিএনসিসি। কবে নাগাদ এগুলো চালু হবে, কর্মকর্তারা তা-ও বলতে পারছেন না।
মিরপুর ১ নম্বরের হজরত শাহ আলী (রহ.) মার্কেটের এক-দশমাংশ নির্মাণ করতেই ১২ বছর লেগেছে ডিএনসিসির। গত ২৯ অক্টোবর এই আংশিক নির্মিত চারতলা মার্কেটটি ডিএনসিসির মেয়র আনিসুল হক উদ্বোধন করেন।
ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্কেটের দোকান বরাদ্দের তালিকা ছাড়াই তাড়াহুড়ো করে মার্কেটটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করার পর ডিএনসিসি কোন দোকান কাকে বরাদ্দ দেওয়া হবে, সেই তালিকা বানাচ্ছে। ২০০৪ সালে মার্কেটের পুরোনো ভবনের সামনের অংশ ভেঙে নতুন নকশা অনুযায়ী ভবন নির্মাণের কাজ শুরু হয়। এতে মোট দোকান হবে ৩ হাজার ৪৩৫টি। গত ১২ বছরে মার্কেটের এসব দোকানের মধ্যে ২৯৬টির নির্মাণকাজ শেষ হয়েছে।
দীর্ঘ ১২ বছর পর মার্কেটের অংশবিশেষ উদ্বোধন হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আশান্বিত হয়েছিলেন। কিন্তু উদ্বোধনের দুই মাস পেরিয়ে গেলেও মার্কেটটি চালু না হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের চাওয়া, দ্রুত মার্কেটটি চালু করা হোক।
মিরপুর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এক যুগ এভাবে ভুগেছি। আর ভুগতে চাই না। উদ্বোধনের পর মার্কেটের লে-আউট পরিকল্পনা করা হচ্ছে। তালিকা করা, দোকান নম্বর দেওয়ার কাজ করছে সিটি করপোরেশন।’ সরেজমিনে দেখা যায়, মার্কেট ভবনের ফটকের সামনে ও ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও কাঁচাবাজার। অস্থায়ী দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ২৯ অক্টোবর মার্কেটটি উদ্বোধনের আগে তাঁদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু মার্কেট চালু না হওয়ায় তাঁরা আবার দোকান বসিয়েছেন।
জবাইখানারও ব্যবহার নেই
বিদেশি দাতা সংস্থার অর্থায়নে মহাখালীতে নির্মিত নতুন পশু জবাইখানা উদ্বোধন করা হয় গত বছরের ২১ নভেম্বর। দেড় মাসের বেশি সময় পেরোলেও এর ব্যবহার শুরু হয়নি। কর্তৃপক্ষ বলছে, জবাইখানাটির পরিচালনা কৌশল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে কাজ শুরু করা যাচ্ছে না। জবাইখানার নির্মাণকাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধনেও সময় লেগেছিল ছয় মাসের বেশি।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ডিএনসিসি এলাকায় দৈনিক দুই হাজারের বেশি পশু জবাই হয়। এর মধ্যে ডিএনসিসির দুটি পশু জবাইখানায় দৈনিক ৪০০ পশু জবাই করা যায়। মাংস ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে অস্বাস্থ্যকর পরিবেশে অধিকাংশ পশু জবাইয়ের কারণে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য।
স্বাস্থ্যসম্মত পশু জবাইখানার চাহিদার কথা মাথায় রেখে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মহাখালী কাঁচাবাজারসংলগ্ন স্থানে একটি পশু জবাইখানা বানিয়েছে ডিএনসিসি। গত বছরের এপ্রিল মাসে এর নির্মাণকাজ শেষ হয়। শুরুতে গ্যাস-বিদ্যুতের সংযোগ না থাকা এবং পরে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় উদ্বোধনের প্রক্রিয়া ছয় মাসের জন্য আটকে যায়। শেষে ২১ নভেম্বর ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম এর উদ্বোধন করেন।
ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পশু জবাইখানাগুলো এক বছরের জন্য ইজারা দেওয়া। এই জবাইখানাটির পরিচালনার কৌশল ঠিক না করেই উদ্বোধন করা হয়।