ডিএনসিসির সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬৫ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা আবদুল মালেকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তার সংস্থার ঢাকা–১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আবদুল মালেক ডিএনসিসির সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ডিএনসিসির ভান্ডার ও ক্রয় বিভাগের ৬৫ লাখ ৩৩ হাজার টাকার মালামাল আত্মসাৎ করেছেন।


এজাহারে আরও বলা হয়, সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে আবদুল মালেকের দায়িত্ব ছিল ভান্ডারের মজুত মাল গ্রহণ, সংরক্ষণ ও হিসাব সংরক্ষণ করে বিতরণ করা। কিন্তু দায়িত্ব পালনকালে তিনি ভান্ডার ও ক্রয় বিভাগের রেজিস্টারগুলোর হিসাব ঠিকমতো সংরক্ষণ করেননি। অনুসন্ধানের সময় রেজিস্টারগুলো পরীক্ষা করে দেখা গেছে, মাল মজুতের হিসাব থাকলেও বিতরণের হিসাব ঠিকমতো নেই। তিনি কাকে কী বিতরণ করেছেন এবং তিনি কীভাবে মজুত মাল ব্যবহার করেছেন, তার কোনো হিসাব নেই। যাঁরা মাল গ্রহণ করেছেন, বিতরণ ও খরচের কলামে তাঁদের স্বাক্ষর নেই।