বরগুনার আমতলী উপজেলায় মরণব্যাধি ডিএমডিতে (ডুশেন মাসকুলার ডিসট্রফি) আক্রান্ত দুই ভাই শিপন ও সোলায়মানের চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার তাদের ঢাকায় জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হচ্ছে।
সিভিল সার্জন মো. জসিম উদ্দিন গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম খান ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ সরাসরি শিপন (১৫) ও সোলায়মানের (১০) চিকিৎসার বিষয়টি তদারক করছেন।
উপজেলার কালীবাড়ি গ্রামের দিনমজুর ফকু তালুকদার ও খুশি বেগমের চার ছেলে ছিল। এর মধ্যে অজ্ঞাত রোগে বড় ছেলে স্বপন মারা যায় ২০০৮ সালে। একই রোগে ভুগে গত বছরের নভেম্বরে রিপন নামের আরেক ছেলের মৃত্যু হয়। এখন শিপন ও সোলায়মান আক্রান্ত।
এ নিয়ে ১২ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘মরণব্যাধিতে চার সন্তানই হারাবেন ফকু-খুশি দম্পতি?’ শিরোনামে খবর ছাপা হয়। সিভিল সার্জন ও আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই দিনই ফকু তালকদারের গ্রামের বাড়িতে যান এবং শিপন ও সোলায়মানকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এদিকে গত রোববার দুপুরে জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম স্বাস্থ্য কমপ্লেক্সে শিপন ও সোলায়মানকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান দেন। দুই ভাইকে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী ভাতার পাসবই দেন। এ ছাড়া বসতবাড়ি করার জন্য ফকু তালুকদারকে এক খণ্ড খাসজমি বন্দোবস্ত দিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন তিনি।