ডিএমপি কমিশনার ও দুই কর্মকর্তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারসহ পুলিশের তিন কর্মকর্তাকে ১০ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অপর দুজন হলেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আদালতে মূল আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসাদ উল্লা ও রেজিনা মাহমুদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী কে এস সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
পরে আসাদ উল্লা প্রথম আলোকে বলেন, আজিমপুর পুরোনো কবরস্থানের সীমানাপ্রাচীর আগের জায়গায় পুনর্নির্মাণ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বছরের ১ আগস্ট এ কাজে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন। এ ব্যাপারে পুলিশের সহযোগিতা পাচ্ছে না বলে পরবর্তী সময়ে আদালতে আবেদন করে ডিএসসিসি। শুনানি নিয়ে ডিএমপি কমিশনারসহ তিন কর্মকর্তাকে ১০ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।