ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছেন বেনজীর আহমেদ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) বেনজীর আহমেদ। দায়িত্ব নেওয়ার পর ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।নতুন কমিশনার বলেন, ‘আমাদের সামনে পাহাড়সমান চ্যালেঞ্জ। সবাই একসঙ্গে কাজ করলেই কেবল এগুলো ডিঙানো সম্ভব।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নেবে। আগে থেকে নেওয়া প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজটের অনেকগুলো কারণের একটি হচ্ছে পুলিশ। ঢাকায় অবকাঠামোগত ত্রুটি আছে। সেখানে পুলিশের কিছুই করার নেই। এ ছাড়া সড়ক ব্যবহারকারীদের আইন না মানার বিষয়টিও রয়েছে। সবাই যদি আইন ভঙ্গ করতে থাকে, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। পুলিশের উচ্চপর্যায়ের পরিবর্তনের পর মাঠপর্যায়েও বড় রদবদল হবে কি না—এই প্রশ্নের জবাবে কমিশনার বলেন, পুলিশ একটি অতি জীবন্ত সংস্থা। আর জীবন্ত মানেই পরিবর্তন আসবে। তবে পরিবর্তন হবে প্রয়োজনে। কোনো পাইকারি পরিবর্তন হবে না।গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলামকে তিনি কমিশনারের মুখপাত্র হিসেবে ঘোষণা দেন।