ডিএমপি কমিশনারের বক্তব্য মানুষ আস্থায় নিতে পারছে না, দাবি বিএনপির

হেফাজতের নেতা-কর্মী হতাহতের বিষয়ে ডিএমপি কমিশনার বেনজির আহমেদের বক্তব্য মানুষ আস্থায় নিতে পারছে না বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি আবারও এ বিষয়ে সরকারের ‘প্রেস নোট’ দাবি করেন।
আজ বুধবার ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল শেষে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শামসুজ্জামান এই দাবি করেন। এর আগে সকালেও এক ব্রিফিংয়ে নিহতের সংখ্যাসহ এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চান তিনি।
শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামকে সরাতে চালানো অভিযানের বিষয়ে আজ সকালে আনুষ্ঠানিক বক্তব্য দেন ডিএমপি কমিশনার। সেখানে তিনি হাজার হাজার মানুষ নিহত হওয়ার যে দাবি বিএনপি করছে, তা উড়িয়ে দেন।
ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করে শামসুজ্জামান বলেন, পুলিশ বিশ্বাস থেকে বলছে, না ওপর থেকে বক্তব্য চাপিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে সংশয় আছে। মানুষ এই বক্তব্য আস্থায় নেয় না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ হতাহতের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হলে শামসুজ্জামান বলেন, হানিফের বক্তব্যকে বিএনপি গুরুত্ব দেয়নি। বিএনপি সরকারের বক্তব্য চায়।
বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা দাবি করেন, গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত সারা দেশে তাদের ১৫ জন কর্মী নিহত হয়েছেন। হরতালকে কেন্দ্র করে ১০৭ জন গ্রেপ্তার ও ২১১ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।