পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনার ২৪ দিন পরও কাউকে গ্রেপ্তার করতে না পারায় ১০ মে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘নারীকে নিপীড়নের এমন ঘটনা অহরহই ঘটছে। আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
লিটন নন্দী বলেন, ‘আমরা দৃষ্টান্ত চাই। এ ঘটনায় জড়িতদের এবং কর্তব্যে অবহেলাকারীদের শাস্তি চাই। সেই সঙ্গে এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা চাই।’ তিনি তাঁদের ছয় দফা দাবির পূর্ণ বাস্তবায়ন দাবি জানান। দাবিগুলো হলো দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া, দায়িত্ব পালনে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ, পুলিশের দায়িত্বে অবহেলার তদন্ত ও বিচার, বিশ্ববিদ্যালয়ের কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা, হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়ভাবে নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন করা।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার, সহসভাপতি আবু তারেক সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।