ডিএমপিতে সাড়ে এগারো শ পুলিশের পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশের প্রায় সাড়ে এগারো শ পুলিশ সদস্যের একযোগে পদোন্নতি হয়েছে। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া এ-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদের আগে এই পদোন্নতি নিয়ে পুলিশ সদস্যরা খুশি বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ১০০ জন। কনস্টেবল থেকে সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) হয়েছেন ৪৩ জন এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি পেয়েছেন ২৮ জন।
কর্মকর্তারা জানান, চলতি মাসেই ডিএমপির জন্য ৭ হাজার ১৩৯ জন নতুন জনবল বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই ডিএমপিতে পদোন্নতির প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন হচ্ছে।