ডিএমপির নিষেধাজ্ঞায় ঐকমত্যের প্রয়াস বিঘ্নিত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর চলমান প্রয়াসকে বিঘ্নিত করবে না বলে আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি সহিংসতার পথকে নিরুত্সাহিত করতে সব পক্ষই সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলে দেশটি আশা করছে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন আজ রোববার এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাজ্য অবগত রয়েছে বলে উল্লেখ করেন রবার্ট গিবসন। তিনি বলেন, ‘আমরা আশা করি, এটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর প্রয়াসকে বিঘ্নিত করবে না, কিংবা সংসদ ও গণমাধ্যমের মাধ্যমে ন্যায়সংগত রাজনৈতিক কর্মকাণ্ডের চর্চাকে অসম্ভব করে তুলবে না।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যুক্তরাজ্য অনেক আগেই অবস্থান স্পষ্ট করেছে উল্লেখ করে রবার্ট গিবসন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানো যাবে, যাতে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘এ ধরনের একটি নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা সরকার ও বিরোধী দলকে সংলাপে বসতে উত্সাহ জুগিয়ে যাচ্ছি।’

যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানিয়েছেন। এর পাশাপাশি আলোচনার দরজা খোলা রাখার ব্যাপারে গত কয়েক দিনে রাজনৈতিক নেতারা যে আভাস দিয়েছেন, তিনি সেটিকেও স্বাগত জানিয়েছেন। রবার্ট গিবসন বলেন, ‘এ সুযোগটি কাজে লাগিয়ে সদিচ্ছা আর নমনীয় মনোভাব নিয়ে আলোচনায় বসতে ও দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে আমরা সব পক্ষকে আহ্বান জানাই।’

রবার্ট গিবসন বলেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে কিংবা কাদের নিয়ে হবে, এ ব্যাপারে নির্দেশনা দেওয়াটা যুক্তরাজ্যের কাজ নয়। এ ক্ষেত্রে মূল বিষয়টি হবে নির্বাচনকালীন সরকার যাতে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করে। সেই সঙ্গে জনগণ যাতে তাদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করতে পারে, সেটি নিশ্চিত করবে।