ডিএসসিসির কানুনগো মানিককে গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলী মানিককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাতে তাঁকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।

সিটি করপোরেশনের ১০টি মার্কেটে ১৩৮টি দোকান পছন্দের লোকদের নামে বরাদ্দ দিয়ে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগে চলতি বছরের মে মাসে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র জানায়, মোহাম্মদ আলী মানিক ২০০৫ সালে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) যোগ দেন। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই মানিক সিটি করপোরেশনের দোকান বরাদ্দ, টেন্ডার-বাণিজ্য থেকে শুরু করে নানান অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এর মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যান।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ডিসিসির মেয়র থাকাকালে তাঁর সই জাল করে অবৈধভাবে মার্কেটে দোকান বরাদ্দ দেওয়া ও নথিপত্র গায়েব করার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন কানুনগো মানিক।
ডিসিসির বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত চারটি মামলা করেছে দুদক।
এর আগে ২০১৪ সালে দুর্নীতির মামলায় হাজিরার জন্য আলী আহম্মেদ নামের একজনকে মানিক সাজিয়ে আদালতে পাঠানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পান।