ডিএসসিসির কানুনগোর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে প্রায় ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, মোহাম্মদ আলী ২০১০ সালের ১০ জানুয়ারি কানুনগো পদে পদোন্নতি পান। এরপর তিনি ২০১০-১১ করবর্ষে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) খোলেন। আয়কর নথি অনুযায়ী তাঁর ৩৬ লাখ ৩৭ হাজার ২৬৩ টাকার সম্পদ থাকার কথা। কিন্তু চলতি বছরে দুদকের কাছে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি মোট ৫৯ লাখ ৬ হাজার ৪১৮ টাকার সম্পদ দেখান। মোহাম্মদ আলীর আয়কর নথি ও সম্পদ বিবরণী যাচাই-বাছাই শেষে ২২ লাখ ৬৯ হাজার ১৫৫ টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক।

সূত্রটি জানায়, ২০০৫ সালের ২৭ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত তথ্য বিবরণী যাচাই-বাছাই শেষে ওই সম্পদ পাওয়া যায়। আর এই সম্পদ তাঁর জ্ঞাত আয় সম্পদের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। তাই দুদক আইন ২০০৪ সালের ২৭(১) ধারায় মামলাটি করে দুদক।

এর আগে গত ৩ ডিসেম্বর মামলা অনুমোদন দেয় কমিশন।