ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন ফ্ল্যাটের নম্বর ও চেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮৫ জন পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য নির্মিতব্য ভবনের ফ্ল্যাট বরাদ্দের নম্বর বিতরণ করা হয়েছে। পাশাপাশি সাময়িক আবাসনের জন্য প্রত্যেককে ত্রিশ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

রাজধানীর ধলপুরে আজ সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নম্বর ও চেক দেওয়া হয়। ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ৯টি ভবনে বসবাসরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে এই কার্যক্রম নিয়েছে ডিএসসিসি।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ফ্ল্যাটের নম্বর বরাদ্দ করা হয়। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের সাময়িক আবাসনের জন্য পরিবার প্রতি ৩০ হাজার টাকা দেওয়া হয়। পরবর্তীতে আরও ১৫ হাজার টাকা দেওয়া হবে।

ধলপুরে দুইটি দশতলা ভবন নির্মাণ করা হচ্ছে। এর প্রতিটিতে ৪৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট থাকবে। এতে ১৯০টি পরিবার বাস করতে পারবেন।

ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ডিএসসিসি নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মামুনুর রশীদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমডোর এম কে বখতিয়ার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ইফতেখার আহমেদ, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের নেতা মো. আবদুল লতিফসহ ডিএসসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।