ডিএসসিসির মার্কেটে অগ্নিনির্বাপক যন্ত্র বাধ্যতামূলক: সাঈদ খোকন
নাশকতা এড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব মার্কেটে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন পার্কে আধুনিক একটি পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। গুলশানে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের পর এমন পদক্ষেপ নিল ডিএসসিসি।
সাঈদ খোকন বলেন, গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন করে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ইতিমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের সব মার্কেটের ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
গুলিস্তানের ফুটপাত দখলের বিষয়ে মেয়র বলেন, গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার হকারদের সঙ্গে সভা করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি নগর ভবনে আবার তাদের সঙ্গে সভা হবে। হকারদের জন্য মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ফুটপাতের উভয় অংশ, বায়তুল মোকাররম লিংক রোড, দিলকুশা বাণিজ্যিক এলাকা, নবাবপুর রোড ও সেগুনবাগিচা এলাকায় হলিডে মার্কেট করা হয়েছে। শনিবার ছাড়া প্রতি শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এই মার্কেট চালু থাকবে। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ মার্কেটগুলোতে হকাররা ব্যবসা করতে পারবেন। হকারদের পুনর্বাসনের মাধ্যমে গুলিস্তানের ফুটপাত পথচারীবান্ধব করা হবে।
সাঈদ খোকন বলেন, চলতি বছরের মধ্যে ১০০টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের জন্য ডিএসসিসির একটি প্রকল্প রয়েছে। ডিএসসিসি ও ওয়াটার এইডের সহায়তায় এসব টয়লেট নির্মাণ করা হবে। এতে মানুষ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে পারবেন।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তবা জামান, সংরক্ষিত নারী আসন-৫ এর কাউন্সিলর সৈয়দ রোকসানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।