ডিএসসিসির শৌচাগারগুলোর করুণ দশা
পলেস্তারা খসে ইট বেরিয়ে গেছে। কাদাপানিতে মেঝে সয়লাব। দরজাগুলো নড়বড়ে। ভেতরটা আলোর স্বল্পতায় আবছা। এটি কমলাপুরের গণশৌচাগারের অবস্থা। মহিলাদের জন্য দুটি টয়লেটের একটির দরজা ভাঙা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রায় সব গণশৌচাগারেরই করুণ দশা।
১৯ নভেম্বর ছিল বিশ্ব শৌচাগার দিবস। দিবসটি উপলক্ষে ওয়াটারএইড একটি প্রতিবেদন প্রকাশ করে। ‘ওভারফ্লোয়িং সিটিস: দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড টয়লেটস ২০১৬’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৪২ ভাগ মানুষেরই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে দেড় কোটি মানুষ শহরে এসেছে। এর মধ্যে ৮০ লাখ মানুষই স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের সুযোগ পায় না। অপরদিকে ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ বলছে, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগার না থাকায়; বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়।
ডিএসসিসির ওয়েবসাইটে দেওয়া তালিকায় গণশৌচাগার আছে ২৮টি। গত মঙ্গলবার কয়েকটি গণশৌচাগার ঘুরে দেখা যায়, ওয়াটারএইডের সাহায্যে স্থাপিত নতুন গণশৌচাগারগুলো ছাড়া পুরোনোগুলো ভীষণ নোংরা, দুর্গন্ধময়, ভাঙাচোরা, অস্বাস্থ্যকর। কমলাপুর শৌচাগারে আসা সিএনজিচালক মো. নিয়াজ বলেন, ‘এইটা ছাড়া কই যামু। মাঝেমইধ্যে পানিও পাওন যায় না।’
কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি শৌচাগার আছে। সেখানে থাকা লোকজন বললেন, এটি রেল কর্তৃপক্ষের। কিন্তু এটি ডিএসসিসির তালিকায় আছে। এর অবস্থাও খারাপ। প্লাস্টিকের ব্যাগ দিয়ে দরজার ভাঙা অংশ ঢেকে দেওয়া।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বাইরে একটি গণশৌচাগার আছে। সেখানে দায়িত্বরত রিয়াজ উদ্দিন বললেন, এটি জাতীয় ক্রীড়া পরিষদ দেখে থাকে। যদিও ডিএসসিসির ওয়েবসাইটে এর কথা উল্লেখ আছে। বাইরের দিকে পানিতে একাকার। ভেতরে গিয়ে দেখা যায়, ওপর থেকে একটি পানির পাইপ ঝুলে আছে। সেখান থেকে অবিরত পানি পড়ছে। ঢুকতে হয় নাক চেপে।
গুলিস্তানের মুক্তাঙ্গনে নতুন একটি গণশৌচাগার তৈরি করা হয়েছে। তবে এখনো চালু হয়নি। পাশেই পুরোনোটি। এরও দরজা ভাঙা, নোংরা।
গত ৩১ অক্টোবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পাশে (ক্রীড়া চক্র) ওসমানী উদ্যানের সঙ্গে নতুন দুটি গণশৌচাগার উদ্বোধন করা হয়। ডিএসসিসি ছাড়াও কয়েকটি বেসরকারি সংস্থা এর সঙ্গে যুক্ত। ওসমানী উদ্যান-১ শৌচাগারটিতে গিয়ে দেখা যায়, ঝকঝকে। বাইরের জুতা নিয়ে প্রবেশ নিষেধ। আলাদা জুতা আছে। ছেলেদের জন্য নীল রঙের টিকিট। মেয়েদের গোলাপি। প্রস্রাব-পায়খানা ৫ টাকা। গোসল ১০ টাকা। এখানে প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। পানের জন্য পাওয়া যাবে বিশুদ্ধ পানি। আফরোজা খানম উত্তরা থেকে প্রায়ই কাজে গুলিস্তান আসেন। তিনি গণশৌচাগার ব্যবহার করেন। নতুনটি নিয়ে তিনি সন্তুষ্ট। তবে অন্যগুলোর ব্যাপারে বললেন, ‘ওগুলো তো যা-তা। যাওয়ার মতো পরিবেশ নেই।’
আজিমপুর বাসস্ট্যান্ডের কাছের শৌচাগারও কাদাপানিতে একাকার। ভেতরের পানি গড়িয়ে ফুটপাত পর্যন্ত চলে এসেছে। দরজাগুলো পুরোনো। বিভিন্ন জায়গায় ক্ষয়ে গেছে। শাহবাগের শিশুপার্ক-সংলগ্ন শৌচাগারের দুর্গন্ধ রাস্তা থেকে পাওয়া যায়। নতুনগুলো ছাড়া সবগুলো গণশৌচাগারই অস্বাস্থ্যকর। অনেকগুলোতেই ট্যাপের পানির ব্যবস্থা নেই। কোনো কোনোটায় মলমূত্র প্যানের ওপরেই পড়ে থাকে। শৌচাগারের দায়িত্ব পালনকারীরা বলেন, ব্যবহারের দিক থেকে নারীদের সংখ্যা খুবই কম।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, পুরোনোগুলো এক এক করে সংস্কার হচ্ছে। এ ছাড়া নতুন করে আরও এক শ আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হবে।