ডিএসসিসির সাবেক প্রশাসকসহ নয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নীলক্ষেতে সিটি করপোরেশন মার্কেটে ১১২টি দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রশাসক মো. খলিলুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন: ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান উল ইসলাম, বরখাস্ত হওয়া কানুনগো মোহাম্মদ আলী, সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা বিল্লাল হোসেন, সাবেক সম্পত্তি কর্মকর্তা দিদারুল আলম, সার্ভেয়ার মুরাদ হোসেন, সৈয়দ রুমান, নীলক্ষেত মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এ কে এম শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এজাহারে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে নীলক্ষেত সড়কের দক্ষিণে লেপ-তোশকের মার্কেটের ওপর ছাদে, মার্কেটের পেছনে ও আশপাশের খালি জায়গায় ১১২টি দোকান নির্মাণ করে অস্থায়ী বরাদ্দ দিয়ে প্রতি বর্গফুটের জন্য ১৫ টাকা হারে ভাড়া আদায় করেন। মার্কেটসংলগ্ন খোলা জায়গায় ৭০ কোটি টাকা দামের ২১ শতক জমি দখল করে ওই সব দোকান নির্মাণ করা হয়।