ডিএসসিসির সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা করবে দুদক
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সার্ভেয়ার মো. মোতালেব হোসেনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার কমিশনের বৈঠকে তাঁর বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সার্ভেয়ার মোতালেবের প্রায় ১২ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা দেবব্রত মণ্ডল শিগগিরই মামলা করবেন বলে জানিয়েছেন প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, সার্ভেয়ার মো. মোতালেব হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকে এলে ২০১৩ সালের শেষদিকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। অনুসন্ধানের সময় তাঁর অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় তাঁকে সম্পদ বিবরণীর নোটিশ দেয় দুদক।
সূত্র আরও জানায়, চলতি বছরের ২১ জানুয়ারি ডিএসসিসির সার্ভেয়ার মোতালেব দুদকে সম্পদ বিবরণী জমা দেন। তাঁর জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাই-বাছাই শেষে ৬ লাখ ৯২ হাজার ৬২৬ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১২ লাখ ১ হাজার ৫২৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। এ পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে দুদক আইন ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করার অনুমোদন দেয় কমিশন।
এর আগে ঢাকা সিটি করপোরেশনের ট্রেড সেন্টারে দোকান বরাদ্দ নিয়ে জালিয়াতির অভিযোগে করা দুদকের আরেক মামলারও আসামি মোতালেব। ২০১৪ সালের ২৪ আগস্ট শাহবাগ থানায় মামলাটি হয়। এরপর ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর আদালতে দেওয়া অভিযোগপত্রেও মোতালেব আসামি।