ডিএসসিসির ১১টি পশুর হাটের ইজারা চূড়ান্ত
ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ইতিমধ্যে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ১১টির ইজারা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। ডিএসসিসির এক কাউন্সিলর দুটি হাটের ইজারা পাওয়ায় দেখা দিয়েছে বিতর্ক।
ডিএসসিসি সূত্র জানায়, গত বছর ডিএসসিসির অস্থায়ী কোরবানির পশুর হাট ছিল ১০টি। এবার যাত্রাবাড়ী কাঁচাবাজারে ও কমলাপুর স্টেডিয়ামের পাশে একটি খালি জায়গায় নতুন করে আরও দুটি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়। গত বৃহস্পতিবার সর্বোচ্চ দর ওঠা ১১টি পশুর হাটের ইজারা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। সরকারি মূল্যের চেয়ে ইজারার দর কম হওয়ায় পুরোনো একটি হাটের পুনরায় দরপত্র আহ্বান করা হতে পারে। এই হাটটি বাদে পুরোনো নয়টি হাটের দর গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। মোট ১২টি হাটের বিপরীতে মাত্র ৪১টি আবেদন জমা পড়েছিল।
জানতে চাইলে হাট মূল্যায়ন কমিটির সদস্যসচিব ও ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ডিএসসিসির কাউন্সিলররা পশুর হাট ইজারায় অংশ নিতে পারবেন কি না, বিষয়টি নিয়ে আইনের দিকগুলো খুঁজে দেখা হচ্ছে। আইনের সঠিক ব্যাখ্যা পেলে কোরবানির পশুর হাট-সংক্রান্ত পরবর্তী সভায় সিদ্ধান্ত জানানো হবে।
দরপত্রে হাজারীবাগের জিগাতলা মাঠে পশুর হাটের সর্বোচ্চ ৬৬ লাখ ১০ হাজার টাকা দর দিয়েছেন মনিরুল হক। গত বছর এই হাটের ইজারামূল্য ছিল ৪৬ লাখ টাকা। লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের সর্বোচ্চ ৯ লাখ ১৫ হাজার টাকা দর দিয়েছে রহমতগঞ্জ মুসলিম সোসাইটি। গত বছর ছিল ৮ লাখ ৩০ হাজার টাকা। খিলগাঁওয়ের মেরাদিয়া হাটের সর্বোচ্চ ৫১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা দর দিয়েছেন মোহাম্মদ শাহ আলম। গতবার ছিল ৪০ লাখ ২০ হাজার টাকা।
ধোলাইখালের সাদেক হোসেন খোকা খেলার মাঠের সর্বোচ্চ ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার টাকা দর দিয়েছেন ফরহাদ ভূঁইয়া। গতবার ছিল ৫৮ লাখ ৫ হাজার টাকা। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠের সর্বোচ্চ ৭ লাখ ২০ হাজার টাকার দর দিয়েছেন আবদুল লতিফ। গতবার ছিল ৫ লাখ ৯০ হাজার টাকা। ধূপখোলার ইস্ট এন্ড ক্লাব মাঠ হাটের সর্বোচ্চ ৯৩ লাখ টাকা দর দিয়েছেন মোর্শেদ আহমেদ চৌধুরী। গতবার ছিল ৪৪ লাখ ৯৯৯ টাকা।
গোপীবাগ বালুর মাঠের সর্বোচ্চ ৭০ লাখ টাকার দর দিয়েছেন এ কে এম মমিনুল হক। গতবার ছিল ২৬ লাখ ৩০ হাজার টাকা। পোস্তগোলার শ্মশানঘাট-সংলগ্ন একটি খালি জায়গায় সর্বোচ্চ ১৫ লাখ ২০ হাজার টাকার দর দিয়েছেন আসাদুজ্জামান। গতবার ছিল ১১ লাখ ১০ হাজার টাকা। লালবাগের মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠের সর্বোচ্চ ১ কোটি ৪ লাখ টাকা দর দিয়েছেন মোহাম্মদ ইউসুফ। গতবার ছিল ১ কোটি ৯৫ লাখ টাকা। এবার দর কম হওয়ায় এই হাটটির ইজারায় পুনরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির সম্পত্তি বিভাগের একাধিক কর্মকর্তা।
কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গার সর্বোচ্চ ৫ লাখ ৫০ হাজার টাকার দর দিয়েছেন আবুল হোসেন সরকার। গতবার ছিল ৪ লাখ টাকা।
যাত্রাবাড়ী কাঁচাবাজারের ভেতরের এবার নতুন হাটের সর্বোচ্চ ৭৫ লাখ টাকা দর দিয়েছেন আনোয়ার হোসেন। কমলাপুর স্টেডিয়ামের আশপাশের এলাকা নিয়ে গঠিত অপর নতুন হাটের সর্বোচ্চ ২০ লাখ টাকার দর দিয়েছেন ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক। তিনি এই হাটসহ ও গোপীবাগ বালুর মাঠ হাটেরও ইজারা পেয়েছেন।
গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের পশুর হাট ইজারার জন্য আবেদন করেছিলেন এমন কয়েকজন বলেন, সিটি করপোরেশন আইন, ২০০৯ অনুযায়ী কোনো জনপ্রতিনিধির এ-সংক্রান্ত কার্যক্রমে অংশ নেওয়ার বৈধতা নেই। তারপর কাউন্সিলর মমিনুল হককে দুটি হাট ইজারা দেওয়া হয়েছে। বিষয়টি হাট মূল্যায়ন কমিটির সদস্যসচিব খালিদ আহমেদের কাছে মৌখিকভাবে জানানো হয়েছে।
এ সম্পর্কে কাউন্সিলর এ কে এম মমিনুল হক বলেন, ডিএসসিসির দরপত্রের বিজ্ঞপ্তিতে পশুর হাটে কাউন্সিলরদের অংশগ্রহণের বিষয়ে কিছু উল্লেখ ছিল না৷ তিনি নিয়ম মেনেই দরপত্রে অংশগ্রহণ করেছেন৷