ডিএসসিসির ৪ অস্থায়ী হাটের ইজারা চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনঃ দরপত্র আহ্বানের পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি অস্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত হয়নি। ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই চার হাটের জন্য তৃতীয়বারের মতো দরপত্র আহ্বান করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করেছিল ডিএসসিসি। এর মধ্যে গত ২৬ জুলাই আটটি ও গতকাল বৃহস্পতিবার একটি মাঠের ইজারা চূড়ান্ত হয়।
ডিএসসিসি সূত্র জানিয়েছে, এবার মেরাদিয়া বাজার, খিলগাঁও রেলগেট বাজার-সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ-সংলগ্ন জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন ফাঁকা জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, ধূপখোলার ইস্টএন্ড ক্লাব মাঠ, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন-সংলগ্ন বালুর মাঠ, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের ফাঁকা জায়গা এবং কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা অস্থায়ী পশুর মাঠ বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা শামসুল আলম বলেন, সাদেক হোসেন খোকা মাঠ, ইস্টএন্ড ক্লাব মাঠ, ব্রাদার্স ইউনিয়ন-সংলগ্ন বালুর মাঠ, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের ফাঁকা জায়গা এবং কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গার জন্য দরপত্রে সরকারি মূল্যের চেয়ে কম দাম ওঠায় পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু পুনঃ দরপত্রেও চারটি স্থানের ইজারার জন্য দাখিল করা দরপত্রে সরকারি মূল্যের চেয়ে কম দর দেন দরদাতারা। এ জন্য ওই চার স্থানের হাটের জন্য আবারও দরপত্র আহ্বান করা হয়েছে। ২১ আগস্ট পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।
গতকাল কেবল ইস্টএন্ড ক্লাব মাঠের ইজারা চূড়ান্ত হয়। ডিএসসিসি জানায়, ইস্ট অ্যান্ড মাঠের সরকারি মূল্য ছিল ৬১ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। ৬১ লাখ ৫০ হাজার টাকায় মাঠটির ইজারা পেয়েছেন মো. শামসুজ্জোহা।