ডিএসসিসির ৮০ দোকান দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ‘কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-২’-এর ৮০টি দোকান অবৈধভাবে দখল করেছে একটি চক্র। অভিযোগ আছে, এসব দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। বিষয়টি জেনেও নিশ্চুপ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
নিয়ম অনুযায়ী ডিএসসিসির রাজস্ব বিভাগের এসব দোকান বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু বরাদ্দ ছাড়াই ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতা-কর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠনের কতিপয় নেতা-কর্মী এই দোকানগুলো দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই কমপ্লেক্সেই ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কার্যালয় অবস্থিত।
কমপ্লেক্সের ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধভাবে দোকান দখল নিয়ে দীর্ঘদিন ধরে কাপ্তান বাজারে অরাজকতা বিরাজ করছে। দোকানের বৈধতা নিতে ওই চক্রের সঙ্গে ডিএসসিসির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর চলছে দর-কষাকষি। এলাকাটি ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
এই ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী প্রথম আলোকে বলেন, এই দোকানগুলো নিয়ে দীর্ঘদিন ধরে মার্কেটে দলাদলি চলছে। এ বিষয়ে বৈধ দোকান মালিক ও ব্যবসায়ীদের অনেকেই তাঁর কাছে অভিযোগ করেছেন। মার্কেটের শৃঙ্খলার স্বার্থে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা দরকার।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ ও রাজস্ব বিভাগ সূত্র জানায়, ১৯৯০ সালের দিকে কাপ্তান বাজারে এই দোতলা কমপ্লেক্সে ৫০০টি দোকান নির্মাণ করা হয়। ২০০৭ সালে দোকান বরাদ্দ দেওয়া শুরু হয়। কিন্তু কাগজপত্রের জটিলতা থাকায় ৮০টি দোকান বরাদ্দ স্থগিত রাখা হয়৷ সব কাগজপত্র চেয়ে একাধিকবার বিজ্ঞপ্তি ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। ১০ থেকে ১৫ জন অধিকাংশ কাগজপত্র দিতে সক্ষম হন। তবে তাঁদের স্থায়ীভাবে বরাদ্দপত্র দেওয়া হয়নি। এই সুযোগে কমপ্লেক্সের নিচতলায় ৩৫টি ও দ্বিতীয় তলায় ৪৫টি দোকান দখল করে নেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ফোরকানুল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুদ্দোহা সারওয়ার ও যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান।
অস্থায়ীভাবে দোকান বরাদ্দ পেয়েছেন এমন কয়েকজন বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর যাঁদের কাগজপত্র আছে, তাঁরা রাজস্ব বিভাগে দেড় লাখ টাকা সালামি দিয়ে অস্থায়ী ভিত্তিতে দোকান বরাদ্দ পান। অনেকে সম্পূর্ণ টাকাও জমা দেন। কিন্তু আগের কিছু কাগজপত্র না থাকায় এই বিভাগ বাকি টাকা জমা নিচ্ছে না। মূল বরাদ্দপত্রও হস্তান্তর করছে না। প্রমাণপত্র দেখে বাকি টাকা জমা নিয়ে বরাদ্দ বুঝিয়ে দেওয়ার দাবি করেন তাঁরা।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ডিএসসিসির তালিকা অনুযায়ী কমপ্লেক্সের বরাদ্দহীন প্রায় সব কটি দোকান খোলা। বিভিন্ন ইলেকট্রনিক পণ্য দিয়ে দোকান সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কমপ্লেক্সের অন্তত ১০ জন দোকানি বলেন, ওই ৮০টি দোকান থেকে প্রতি মাসে দোকানপ্রতি গড়ে পাঁচ হাজার ভাড়া আদায় করেন সমিতির নেতারা। এ ছাড়া প্রতিটি দোকান ভাড়া দেওয়ার সময় গড়ে তিন লাখ টাকা আগাম নেওয়া হয়। সমিতির নেতাদের সার্বিকভাবে সহযোগিতা করেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান ও আওয়ামী লীগের ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তবে এই দুই নেতা প্রথম আলোকে বলেছেন, সমিতির নেতাদের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। কমপ্লেক্সে তাঁদের কোনো দোকানও নেই।
অভিযোগ অস্বীকার করে ফুলবাড়িয়া হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামছুদ্দোহা সারওয়ার বলেন, যাঁদের দোকানগুলো বরাদ্দ পাওয়ার কথা, তাঁরাই এসব দোকান দখল করেছেন। কেউ কেউ ডিএসসিসি থেকে সাময়িক অনুমতিও নিয়েছেন। তবে দোকানমালিকেরা সমিতির সদস্য। কিন্তু সমিতি এই দখলের সঙ্গে জড়িত নয়।
এ বিষয়ে জানার জন্য ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামালের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এই বিভাগের অপর এক কর্মকর্তা বলেন, দোকানগুলোর প্রকৃত মালিকের কাছে শেষবারের মতো কাগজপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে তা পাওয়া না গেলে বরাদ্দ বাতিল করা হবে। পরে নতুন করে বরাদ্দ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে।