ডিও কেনা নিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির টেস্ট রিলিফের (টিআর) বরাদ্দের ডিও কেনা নিয়ে দুপচাঁচিয়া থানা বিএনপির সভাপতির সঙ্গে যুগ্ম সম্পাদকের হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, উপজেলার গুনাহার ইউনিয়নের খাগড়া ওয়াক্তিয়া মসজিদের জন্য বরাদ্দ এক টন চালের সরবরাহপত্র (ডিও) নিতে যান প্রকল্পের সভাপতি হাফিজার রহমান। এ সময় থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ ওই ডিও কেনার জন্য হাফিজারের ওপর চাপ সৃষ্টি করেন। থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুনাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের এতে বাধা দিলে আবদুল হামিদের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁর হাতাহাতি শুরু হয়। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করে।আবদুল হামিদ ঘটনার কথা অস্বীকার করে বলেন, ডিও কেনা নিয়ে আবু নাছেরের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে মাত্র। আবু নাছের ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ওই প্রকল্পটি আমার এলাকায় হওয়ায় আমি আগেই প্রকল্প সভাপতির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। কিন্তু থানা বিএনপির সভাপতি গায়ে পড়েই জোর করে অফিস থেকে ওই ডিও নিতে চান। এতে আমি প্রতিবাদ করতে গেলে তিনি আমার ওপর চড়াও হন। বিষয়টি এলাকার সাংসদকে জানিয়েছি।’প্রকল্পের সভাপতি হাফিজার রহমান বলেন, ‘আমার কাছ থেকে ডিও কেনা নিয়ে আবদুল হামিদের সঙ্গে আবু নাছেরের হাতাহাতি হয়েছে।’